১০ লাখ টাকার গাছ লুট
লক্ষ্মীপুরে সম্প্রতি বিএনপি ও জামায়াতের হরতালের সময় প্রায় এক হাজার গাছ কেটে ঢাকা-রায়পুর মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করে হরতাল-সমর্থকেরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বন বিভাগ। এই ঘটনায় বন বিভাগ লক্ষ্মীপুর থানায় দুটি অভিযোগ দিয়েছে।বন বিভাগের অভিযোগে বলা হয়, হরতাল চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি রাতে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের জকসিন থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত ৭৭টি গাছ, লক্ষ্মীপুর-রামগতি সড়কের ওয়াপদা অফিস থেকে তোরাবগঞ্জ বাজার পর্যন্ত ৫০টি গাছ, লক্ষ্মীপুর থেকে মজু চৌধুরীহাট সড়কে ৩০টি গাছ, রায়পুর-লক্ষ্মীপুর সড়ক থেকে ২০টি গাছ অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা কেটে নিয়ে যায়। এই ঘটনায় ফরেস্ট রেঞ্জার এনামুল হক লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে কাশিপুর সড়কে ৭০টি, কাশিপুর থেকে পোদ্দারবাজার সড়কে ১২টি, জকসিন থেকে দরবেশপুর সড়কে ১৫টি, লক্ষ্মীপুর-রামগতি সড়কে পেয়ারাপুর এলাকায় ১১টি গাছ অজ্ঞাতনামা ব্যক্তিরা কেটে নিয়ে যায়। এই ঘটনায় বন বিভাগের কর্মকর্তা ফারুক আহমেদ লক্ষ্মীপুর থানায় অভিযোগ দিয়েছেন। এই দুটি অভিযোগে বন বিভাগের দুই লাখ ৮৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। বন বিভাগের একটি সূত্রমতে, জামায়াত-শিবিরের ৩ ও ৪ মার্চ এবং বিএনপির ৫ মার্চের হরতালের সময় জেলার ঢাকা-রায়পুর মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো থেকে প্রায় ৭০০ গাছ অজ্ঞাতনামা ব্যক্তিরা কেটে নিয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানান, জামায়াত-শিবির ও বিএনপির হরতাল চলাকালে হরতাল-সমর্থকেরা বন বিভাগের গাছ কেটে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। পরে প্রভাবশালী মহল ওই গাছগুলো কেটে নিয়ে যায়। লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মফিজুল ইসলাম বলেন, ‘সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বিক্ষুব্ধ জনতা গাছ কেটে সড়কে অবরোধ সৃষ্টি করে। এই ঘটনায় জামায়াত-শিবির জড়িত নয়। গাছ কারা নিয়ে গেছে তা এলাকাবাসী দেখেছে।’লক্ষ্মীপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক গৌরাঙ্গ চন্দ্র সাহা বলেন, গাছ কেটে নেওয়ায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরেজমিনে তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আরও অভিযোগ দায়ের করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘রাস্তা চলাচলের উপযোগী করার জন্য গাছগুলো টুকরো করে রাস্তার পাশে রাখা হয়। পরে কারা গাছগুলো নিয়ে গেছে তা আমরা জানি না।’