দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের কাদিমনগর মহল্লার ব্যবসায়ী কেশব রায়ের ছেলে স্পর্শকে (৪) ১০ লাখ টাকা মুক্তিপণের জন্য অপহরণ করেন অপহরণকারীরা। পরে স্পর্শের কান্নাকাটি ও পুলিশের অভিযানের কারণে তাকে হত্যা করেন অপহরণকারীরা।
স্পর্শ হত্যা মামলার অন্যতম আসামি মো. জুয়েল (২৭) গত রোববার রাতে দিনাজপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন। মো. জুয়েল ঘোড়াঘাট পৌর শহরের কাদিমনগর মহল্লার বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ কবির প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে অভিযান চালিয়ে জুয়েলকে গাজীপুরের জয়দেবপুর থানার বাঘের বাজার শালবাগান থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত রোববার রাতে দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রেজাউল বারীর আদালতে জুয়েল ওই ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
ইমতিয়াজ কবির বলেন, জবানবন্দিতে জুয়েল জানিয়েছেন, ১০ লাখ টাকার জন্য স্পর্শকে অপহরণের পরিকল্পনা করেন উপজেলার উদয়ধুল গ্রামের বুলেট (২৪)। আর এর সঙ্গে বুলেটসহ তিনি, তাঁর (জুয়েল) ভাই জিল্লুর রহমান ও স্পর্শের প্রতিবেশী ফিরোজ কবির জড়িত হন। পরিকল্পনা মোতাবেক স্পর্শকে বাড়ি থেকে বুলেটের কাছে আনার দায়িত্ব দেওয়া হয় জিল্লুরকে। জিল্লুরকে এ জন্য পাঁচ হাজার টাকা দেন
বুলেট। পরিকল্পনা অনুসারে ২০১৫ সালের ১১ নভেম্বর স্পর্শকে বাড়ির থেকে ডেকে নিয়ে বুলেটের হাতে তুলে দেন জিল্লুর। এ সময় স্পর্শ কান্নাকাটি করলে বুলেট তার মুখ চেপে ধরেন। এদিকে পুলিশের অভিযান শুরু হলে তাঁরা স্পর্শের চোখ উপড়ে, মুখে মাটি গুঁজিয়ে হত্যা করেন। পরে তাঁরা পাশের একটি আমবাগানে তার লাশ ফেলে পালিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনার দিন রাতেই স্পর্শের বাবা কেশব বাদী হয়ে জুয়েল, জিল্লুর, বুলেট, ফিরোজসহ ছয়জনকে আসামি করে একটি মামলা করেন। ওই রাতেই দিনাজপুর ডিবি পুলিশ ও ঘোড়াঘাট থানা-পুলিশের একটি দল জিল্লুরসহ ছয়জনকে আটক করে। ঘটনার পর জুয়েল ও বুলেট পালিয়ে যান। ঘটনার পরের দিন গত ১২ নভেম্বর ভোরে বাড়ির পাশের ওই আমবাগান থেকে স্পর্শের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গত ১৩ নভেম্বর প্রথম আলোয় ‘চার বছরের শিশুকে হত্যা, চোখ উৎপাটন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।