১০ লাখ টাকার মালামাল ৪৮ হাজার টাকায় বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবহূত মালামাল বিক্রিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ১০ লাখ টাকার মালামাল মাত্র ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। নিলামে অংশ নিতে না পারা ঠিকাদার, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ শয্যার ওই হাসপাতালের অব্যবহূত অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সরঞ্জাম বিক্রি করতে ৩ মে প্রকাশ্যে নিলাম বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৯ মে সকালে নিলামে অংশ নিতে ইচ্ছুক ঠিকাদারদের হাসপাতালের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে নাম তালিকাভুক্ত করতে বলা হয়।গৌরনদী উপজেলার মো. জামাল হোসেন, আরিফুর রহমানসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ১৯ মে নিলামে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকায় মাত্র তিনজন ঠিকাদারসহ সাতজন ভুয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয় এবং অন্য ঠিকাদারদের নাম তালিকাভুক্তি বন্ধ করে দেওয়া হয়। পরে ওই তিনজন ঠিকাদার, নিলাম কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে যোগসাজশের মাধ্যমে নিলাম-প্রক্রিয়া সম্পন্ন হয়। শামীম সরদার নামের এক ব্যক্তিকে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪৮ হাজার টাকায় মালামাল বিক্রি করা হয়।আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নিলাম কমিটির সভাপতি সেলিম আহমেদ বলেন, নিলামে কোনো অনিয়ম হয়নি। সর্বোচ্চ দরদাতার কাছে মালামাল বিক্রি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা জানান, একটি অ্যাম্বুলেন্স, একটি মোটরসাইকেল, একটি এক্স-রে মেশিন, স্টিলের আলমারি, ফাইল কেবিনেট, স্ট্রেচার, আসবাবসহ মোট ৭৪ ধরনের মাল নিলামে বিক্রি করা হয়েছে। নিয়ম অনুযায়ী সবার অংশগ্রহণের মাধ্যমে নিলামে বিক্রি করা হলে এর মূল্য কমপক্ষে ১০ লাখ টাকা পাওয়া যেত।