১০ লাখ টাকার সঞ্চয়পত্র পেল রেলের সেই প্রহরীর পরিবার

দশম জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব সহিংসতায় বোমা হামলায় নিহত রেলওয়ের নিরাপত্তা প্রহরী (আরএনবি) আবুল কাশেমের পরিবারের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। খবর বাসসের।
আজ বুধবার রেল ভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন রেলমন্ত্রী। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
এর মধ্যে নিহত আবুল কাশেমের স্ত্রী বুলবুলি আক্তারের হাতে সাত লাখ ও মা রুবিয়া বেগমের হাতে তিন লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন মন্ত্রী মো. মুজিবুল হক।
অর্থ প্রদান অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, দেশবিরোধী চক্র গত বছর ব্যাপক ধ্বংস চালায়। তারা মানুষ হত্যা, কোচ পোড়ানো, ফিশ প্লেট তুলে ফেলাসহ চোরাগোপ্তা হামলা চালিয়ে রেলওয়ের প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি করেছে।
রেলমন্ত্রী আরও বলেন, সারা দেশে ১০৪১টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে তখন ৮৩২৮ জন আনসার নিয়োগ দেওয়া হয়েছিল। বিএনপির মদদে জামায়াত-শিবির একের পর এক হামলা চালিয়ে রেলকে পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে রক্ষায় সরাসরি নির্দেশ দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সম্মিলিত সহযোগিতায় রেলকে অনেক বড় ক্ষতি থেকে রক্ষা করা গেছে।
সঞ্চয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে রেলসচিব মো. আবুল কালাম আজাদ, মহাপরিচালক তোফাজ্জল হোসেনসহ রেল মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছরের ২৯ ডিসেম্বর কমলাপুর স্টেশনে দায়িত্ব পালনকালে তল্লাশি চালানোর সময় দুই যুবকের বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন আবুল কাশেম। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে।
আগের খবর পড়তে ক্লিক করুন