২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণা করেছে বাংলাদেশ। ওই বছর ১০ লাখ বিদেশি পর্যটক আনতে চায় বাংলাদেশ। এ জন্য অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চার বছরের অর্জন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘দেশের মধ্যে পর্যটন বাড়লেও বিদেশিদের যেসব সুবিধা দরকার, সেগুলো নেই। আশা করছি ট্যুরিজম বোর্ড, মন্ত্রণালয় ও এ-বিষয়ক সংসদীয় কমিটি এ খাতকে এগিয়ে নিতে পারবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) প্রধান নির্বাহী কর্মকর্তা মারিও হার্ডি, পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী ও ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার উজ জামান খান কবির।