১০ লাখ বিদেশি পর্যটকের লক্ষ্য সরকারের
দুই বছরের মধ্যে ১০ লাখ বিদেশি পর্যটক আনার লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশন নির্মিত মোটেল সৈকতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছেন। আমাদের লক্ষ্য ২০১৬-২০১৭ এর মধ্যে ১০ লাখ বিদেশি পর্যটক দেশে নিয়ে আসা। সে লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয় কাজ করছে। সেটা সম্ভব হলে পর্যটন খাত জিডিপিতে ৫ শতাংশ অবদান রাখতে পারবে।
মন্ত্রী বলেন, চট্টগ্রামে সবকিছু থাকলেও অবকাঠামোগত কিছু ঘাটতি ছিল। মোটেল সৈকত নির্মাণের মধ্য দিয়ে সেটার কিছুটা হলেও লাঘব হবে। ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ শেষের পথে। তারপর চট্টগ্রাম-কক্সবাজার ফোর লেনও পরিকল্পনার মধ্যে আছে। সঙ্গে আছে দোহাজারী থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইনের কাজ। এসব শেষ হলে পর্যটনে চট্টগ্রাম অনেক এগিয়ে যাবে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার দ্রুত বেসরকারি বিমান চালু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে আরও প্রশস্ত করা হবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর ইমাম, সাবিহা নাহার বেগম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী প্রমুখ।
নগরের স্টেশন রোডের বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব দশমিক ৯১ একর জায়গায় ওপর নির্মিত দশতলা ভবন মোটেল সৈকতে ১৫৩টি আবাসিক কক্ষ রয়েছে। এর মধ্যে আটটি স্যুট ও ১৪৫টি ডিলাক্স কক্ষ রয়েছে।