হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম নির্মাণে শুধু মাটি ভরাটের জন্য বরাদ্দ দুই কোটি টাকা। তবে মাত্র ১০ লাখ টাকার কাজ করেই কোটি টাকা তুলে নিয়েছে কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান। স্বয়ং ক্রীড়া প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসক সরেজমিনে এই অনিয়মের সত্যতা পেয়েছেন।ঠিকাদারি প্রতিষ্ঠানটির নাম মেঘনা এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়া ।হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, ১৯৯১ সালে বিএনপির সরকার ক্ষমতায় আসার পর হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম নির্মাণের জন্য প্রথম দফায় দরপত্র আহ্বান করা হয়। সে সময় কাজ পায় ছাত্রদলের সাবেক নেতা হাবিব-উন-নবীর ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সামান্য মাটি ফেলেই পুরো বিল তুলে নিয়ে চলে যায় তারা। পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করে জাতীয় ক্রীড়া পরিষদ। এবার কাজ পায় আওয়ামী লীগের নেতা শাহজাহান মিয়ার মেঘনা এন্টারপ্রাইজ। ১৭ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে শুধু মাটি ভরাটের জন্য বরাদ্দ রাখা হয় দুই কোটি টাকা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাত্র ১০ লাখ টাকার মাটি ভরাট করেই কাজ বন্ধ রাখে। কাজের অগ্রগতি ঠিকঠাক হচ্ছে দেখিয়ে তারা তুলে নিয়েছে এক কোটি টাকা। এ নিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এ অবস্থায় ১৩ নভেম্বর ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার হবিগঞ্জ সফরে এসে ওই স্টেডিয়াম পরিদর্শনে যান। তিনি স্টেডিয়ামটির নির্মাণকাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করেই অগ্রিম এক কোটি টাকার বিল তুলে নেওয়ায় প্রতিমন্ত্রী কাজের তদারকি প্রতিষ্ঠান ক্রীড়া পরিষদের সমালোচনা করেন। প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় ঠিকাদার শাহজাহান মিয়াও উপস্থিত ছিলেন। তিনি কাজে স্থবিরতার জন্য প্রতিমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং কাজ দ্রুত শুরু করারও প্রতিশ্রুতি দেন।হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর টনক নড়ে জেলা প্রশাসনের। জেলা প্রশাসক মাহমুদ হাসান গত শনিবার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে যান। বাস্তবে ১০ লাখ টাকার বেশি কাজের অস্তিত্ব খুঁজে পাননি তিনি। পরে জেলা প্রশাসক কর্তব্যরত প্রকল্প প্রকৌশলী মীর্জা হেদায়েতুল হকের কাছে কাজের আদেশপত্রসহ (ওয়ার্ক অর্ডার) অন্যান্য কাগজপত্র দেখতে চান। তবে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে জেলা প্রশাসক সেখানকার প্রকৌশল পরিদর্শন খাতা ঘেঁটে দেখতে পান, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলীরা এ পর্যন্ত ২৭ বার কাজ পরিদর্শনে এসেছেন। তাঁরা স্বাক্ষর বইয়ে কাজ ঠিকঠাক চলছে মর্মে সইও করেছেন। জেলা প্রশাসক পরিদর্শন খাতাটিসহ অন্যান্য কাগজপত্র জব্দ করেন। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, এ কাজ জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। নিয়ম রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তবে বাস্তবে দেখা গেছে, ক্রীড়া পরিষদের প্রকৌশলীরা কারও সঙ্গেই যোগাযোগ করেননি। এমনকি মাঠের নকশাসহ অন্যান্য বিবরণীর বিষয়ে কোনো কপি না পাওয়ায় স্টেডিয়ামের প্রকৃত তথ্য থেকে জেলাবাসী বঞ্চিত রয়েছে। জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন, মাটি ভরাটের দুই কোটি টাকার কাজের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান বড়জোর ১০ লাখ টাকার মাটি ভরাটের কাজ করেছে। তারা আগের ঠিকাদারের কিছু মাটি ভরাটকে নিজেদের কাজ দেখিয়ে এরই মধ্যে এক কোটি টাকা তুলে নিয়েছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলীরা সরাসরি জড়িত বলেও অভিযোগ করেন তিনি।প্রকল্প প্রকৌশলী মীর্জা হেদায়েতুল হক এক কোটি টাকার বিল তুলে নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, শিগগিরই তারা কাজ শুরু করবে।ঠিকাদার শাহজাহান মিয়া বলেন, বর্ষা মৌসুমের কারণে এত দিন তাঁর প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেননি। আগামী ছয় মাসের মধ্যে তিনি কাজ শেষ করবেন। কাজ শেষ না করেই কোটি টাকার ওপর বিল তোলার বিষয়ে ঠিকাদার বলেন, ‘১৭ কোটি টাকার কাজ, এর মধ্যে এক কোটি টাকা উত্তোলন তো কিছুই নয়। আমার এ কাজে জামানত রয়েছে চার কোটি টাকা।’