
কিডনি রোগের প্রাদুর্ভাব দেশে প্রায় মহামারি আকার ধারণ করেছে। এক লাখ ৮০ হাজার মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এদের মাত্র ১০ শতাংশ চিকিৎসার সুযোগ পায়। এই রোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সেবার সুযোগ বৃদ্ধি করা ও দক্ষ চিকিৎসক গড়ে তোলা দরকার।
গতকাল শুক্রবার কিডনি ফাউন্ডেশনের নবম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ কথা বলেন। রাজধানীর মিরপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে গতকাল দুই দিনের এই সম্মেলন ও সেমিনার শুরু হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, কিডনি রোগ চিকিৎসায় একজন দরিদ্র মানুষ ছয় মাসও ডায়ালাইসিস চালাতে পারে না। কিডনি প্রতিস্থাপনের খরচও অনেক বেশি। এই পরিস্থিতিতে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই প্রথম করণীয়। তিনি বলেন, দক্ষ চিকিৎসক তৈরি করা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার সুযোগ বৃদ্ধির মাধ্যমেই সর্বস্তরের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানের শুরুতে কিডনি ফাউন্ডেশনের মহাসচিব মহিবুর রহমান বলেন, কিডনি রোগে আক্রান্ত মানুষের মাত্র ১০ শতাংশ চিকিৎসা সুযোগ পাচ্ছে। এই রোগের চিকিৎসা ব্যায়বহুল। ডায়ালাইসিসে বছরে প্রায় চার লাখ টাকা খরচ হয়। ৭০ শতাংশ মানুষ ডায়ালাইসিসের খরচ চালিয়ে যেতে না পেরে কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেন।
অনুষ্ঠানে বলা হয়, এ রকমই এক বাস্তবতায় অধ্যাপক হারুন আর রশীদের উদ্যোগে ১০ বছর আগে কিডনি ফাউন্ডেশন ও হাসপাতাল যাত্রা শুরু করে। এই পর্যন্ত এই প্রতিষ্ঠানে ২৬০টি কিডনি প্রতিস্থাপন হয়েছে। এ ক্ষেত্রে সাফল্যের হার ৯৮ শতাংশ। বর্তমানে ১০০ রোগীর বাড়িতে গিয়ে ডায়ালাইসিস দেওয়ার সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবারের সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের প্রতিপাদ্য, ‘আকস্মিক কিডনি বিকল প্রতিরোধ করুন ও সুস্থ জীবন যাপন করুন’।
অধ্যাপক হারুন আর রশীদ বলেন, আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ ডায়রিয়া, ওষুধের যথেচ্ছ ব্যবহার, আঘাত এবং প্রসবকালীন জটিলতা।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, দেশের নানা ধরনের উদ্যোগ, অগ্রযাত্রা আটকে দিচ্ছে রাজনীতি। কিছুসংখ্যক চিকিৎসক ঠিকভাবে দায়িত্ব পালন করেন না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না দলীয় রাজনীতির কারণে। তার পরও এসব অব্যবস্থা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যেতে হবে। তিনি বলেন, অধ্যাপক হারুনের উদ্যোগ অনেক মানুষের সহায় হয়েছে। এই উদ্যোগের সঙ্গে প্রথম আলো থাকবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম মতিউর রহমান বলেন, কিডনি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে, প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়ে না। যখন ধরা পড়ে তখন জীবনের ঝুঁকি অনেক বেড়ে যায়। তিনি বলেন, মানুষকে এ বিষয়ে সচেতন করবে গণমাধ্যম। তবে গণমাধ্যমকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে বিশেষজ্ঞদের।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যাপক এম আর খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম মতিউর রহমান এবং প্রথম আলো সম্পাদকের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশীদ কিডনি ফাউন্ডেশনকে সহায়তা করার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।