বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০১৩-১৪ অর্থবছরে তিন কোটি ৩৬ লাখ টাকা মুনাফা করেছে। এই মুনাফার টাকায় সংস্থাটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছে।
গতকাল রোববার বিএসসি ভবনে সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া এ ঘোষণা দেন। আগামী ১৩ জুন বিএসসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিএসসির পরিচালক (অর্থ) বেগম ইয়াসমিন আফসানা, পরিচালক (প্রযুক্তি) মো. সাঈদ উল্লাহ, কোম্পানি সচিব গোলাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে তেল পরিবহনের ট্যাংকার কেনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া চীন থেকে বহুমাত্রিক কাজে ব্যবহার উপযোগী ছয়টি জাহাজ কেনার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।