বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নেওয়া ঘুষের টাকা দেশে ফেরত আনায় ‘পরামর্শক ফি’ পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ খান। তিনি লন্ডনভিত্তিক নিরীক্ষা প্রতিষ্ঠান অকটোখানের প্রতিনিধি হিসেবে এই অর্থ দাবি করেন। সিঙ্গাপুর থেকে প্রথম দফায় জব্দ করে আনা কোকোর ১৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ১৩১ টাকা ফেরত আনা হয়। এর ১০ শতাংশ অর্থাৎ এক কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ২১৩ টাকা দাবি করছেন তিনি। সিঙ্গাপুর থেকে এখন পর্যন্ত কোকোর মোট অর্থ জব্দ করে আনা হয়েছে ১৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৯০৯ টাকা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এই টাকা ফেরদৌস খানকে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে। ২৫ জুলাই দুদক অর্থ মন্ত্রণালয়কে এই চিঠি দেয়। চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগেও পাঠানো হয়েছে।
জানতে চাইলে গতকাল বুধবার বিকেলে দুদকের সচিব ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখনো কোনো অর্থ ছাড় হয়নি। পুরস্কার হিসেবে অর্থ চেয়ে একটি আবেদন এসেছে। আমরা সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের কয়েকজন কর্মকর্তা জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদক ফেরদৌস খানকে এই অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তার জন্য দায়িত্ব দেয়।
দুদকের প্রশাসনিক সূত্র জানায়, দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরীর নির্দেশে এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের নেতৃত্বে গঠিত গুরুতর অপরাধ দমন টাস্কফোর্সের সঙ্গে কাজ করেন ফেরদৌস আহমেদ খান। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফেরদৌস পরামর্শক হিসেবে টাস্কফোর্সে যোগ দেন। বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা অনিয়ম খুঁজে দেখার পাশাপাশি তৎকালীন দুদক মানি লন্ডারিংয়ের অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য তাঁকে ও তাঁর প্রতিষ্ঠান অকটোখানকে বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য দায়িত্ব দেয়। দুদকের নথি অনুযায়ী, ২০০৯ সালের ৪ জানুয়ারি অকটোখানের সঙ্গে চুক্তি হয় দুদকের। এতে বলা হয়েছে, উদ্ধার করা অর্থ দেশে ফিরলে এর ১০ শতাংশ অকটোখান ফি হিসেবে পাবে।