১০ শতাংশ মূসকের প্রস্তাব প্রত্যাহারের দাবি ছাত্রদলের
প্রস্তাবিত জাতীয় বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব বাতিল করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, দেশে প্রয়োজনের তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান কম থাকায় শিক্ষার্থীদের বড় একটি অংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। প্রায় ৮৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ পড়ালেখা করে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মূসক আরোপ করা হলে শিক্ষার্থীদের বিরাট একটি অংশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এমনকি অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন এতে হুমকির মুখে পড়তে পারে। এ কারণে ছাত্রদল ১০ শতাংশ মূসক প্রত্যাহার ও শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবি জানায়।
বাজেট পাস হওয়ার আগে মূসক প্রত্যাহার করা না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছে ছাত্রদল।