১০ শিক্ষকের ছুটির আবেদনে সই না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন ১০ শিক্ষকের শিক্ষা ছুটির আবেদনপত্রে সই করছেন না বলে অভিযোগ করেছে শিক্ষক সমিতি।সমিতির সদস্যরা গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ওই শিক্ষকেরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করায় তিনি সই করছেন না।অভিযোগ অস্বীকার করে উপাচার্য শিক্ষক সমিতির সদস্যদের বলেন, প্রশাসনিক ভবন অবরোধ থাকার কারণে অনেক কাজেই বিলম্ব হচ্ছে। তিনি কোনো ফাইল সই না করে আটকে রাখেননি। শিক্ষকদের ছুটির আবেদনপত্রে দ্রুত সই করার আশ্বাস দেন তিনি।গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, গত বছরের ১ ও ২ আগস্ট ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা, শিক্ষক লাঞ্ছনার যথাযথ বিচার না হওয়াসহ ১২টি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখছেন শিক্ষক সমিতির সদস্যরা।গতকাল সকালেও কয়েক ঘণ্টার জন্য প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন শিক্ষকেরা। বেলা পৌনে একটার দিকে শিক্ষক সমিতির নেতাসহ অর্ধশত শিক্ষক উপাচার্যের বাসভবনে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য সেখানে ছিলেন। শিক্ষকেরা তাঁদের কাছে জানতে চান, আনোয়ার হোসেন উপাচার্যের পদে বহাল থেকেও কেন ১০ শিক্ষকের শিক্ষা ছুটির আবেদনপত্রে সই করবেন না। এ নিয়ে দুই সহ-উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের বাগিবতণ্ডা হয়। এ সময় উপাচার্য আনোয়ার হোসেন এসে শিক্ষকদের আবেদনপত্রে সই করার আশ্বাস দেন।কিন্তু উপাচার্য আলোচনা শেষ না করেই চলে গেছেন বলে অভিযোগ করেন শিক্ষকেরা। উপাচার্য কথা শেষ না করলে শিক্ষকেরা বাসভবন ত্যাগ করবেন না বলে জানিয়ে দেন। পরে উপাচার্য এসে আবার শিক্ষকদের সঙ্গে কথা বলেন। উপাচার্যের সঙ্গে কথা শেষ করে বাসভবনের বাইরে পুলিশের গাড়ি দেখে উত্তেজিত হয়ে ওঠেন শিক্ষকেরা। তাঁরা আবার বাসভবনে ঢুকে পুলিশ ডাকার কারণ জানতে চান উপাচার্যের কাছে। উপাচার্য পুলিশ ডাকেননি বলে জানান এবং বাসভবনের বাইরে বেরিয়ে আসেন। এরই মধ্যে পুলিশের গাড়ি চলে যায়। প্রক্টরিয়াল বডির সদস্যরাও পুলিশ ডাকেননি বলে জানান।এ সময় শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার কে বা কারা কেন পুলিশ ডেকেছে, তা আগামী শনিবারের মধ্যে প্রশাসনকে জানাতে বলেন। বেলা আড়াইটার দিকে শিক্ষক সমিতির নেতা ও অন্য শিক্ষকেরা সেখান থেকে চলে আসেন।অজিত কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, ‘ফাইলগুলো স্বাক্ষর করা হবে—উপাচার্যের এমন আশ্বাসের ভিত্তিতে আমরা চলে এসেছি।’