১০ শিক্ষার্থী পেয়েছেন সিতারা পারভীন পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফল করায় ১০ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ ও চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।পুরস্কারপ্রাপ্তরা হলেন: মো. রেজাউল ইসলাম, মো. মাহবুবুল হক ভূঁইয়া, তাহমিনা হক, আরিফা আলম, সারা মোনামি হোসেন, সুমাইয়া সিফাত, সাবিনা ইয়াসমিন, প্রণব ভৌমিক, মো. ফোরকান আহসান ও মো. তারেকুজ্জামান শিমুল।আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর বক্তব্যে অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান, কর্মঠ, আন্তরিক ও আদর্শ শিক্ষক। অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক শাওন্তী হায়দার। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানা। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মারা যান।