১০ শিক্ষার্থীর উদ্যোগ
প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং অর্থাভাবে কোচিং করতে না পেরে দরিদ্র পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান না। তাঁদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ শিক্ষার্থী। গতকাল শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি-ইচ্ছুক স্থানীয় শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ভর্তি কোচিং কার্যক্রম শুরু করেছেন তাঁরা।
দেড় মাসব্যাপী বিনা মূল্যে এ কোচিং দেবেন ওই ১০ শিক্ষার্থী। গতকাল সকাল ১০টা থেকে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে ওই কোচিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন স্থানীয় দেড় শতাধিক শিক্ষার্থী।
ওই ভর্তি কোচিংয়ের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম রছূল বকুল। বক্তব্য দেন বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহজাহান শামীম প্রমুখ।
কোচিংয়ের উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মেহেদী হাসিন বলেন, ‘বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে অনেক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়। এ জন্য অধিকাংশ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা শেষে বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোতে ভিড় করেন। কিন্তু বদরগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ের অনেক মেধাবী গরিব শিক্ষার্থী অর্থনৈতিক সংকটসহ নানা কারণে ওই সব কোচিংয়ে ভর্তি হতে পারেন না। আমরা এসব শিক্ষার্থীর কথা ভেবে ভর্তির প্রয়োজনীয় দিকেনির্দেশনাসহ বিনা মূল্যে কোচিংয়ের উদ্যোগ নিয়েছি।’ উদ্যোক্তরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ালো করছেন।