১০ শিল্পকারখানাকে জরিমানা গুনতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গায় দূষণের অভিযোগে পরিবেশ অধিদপ্তর শ্যামপুর-কদমতলী এলাকার যে ১০টি শিল্পকারখানাকে জরিমানা আরোপ করেছিল, তা বহাল থাকছে। এর ফলে ওই কারখানাগুলোকে জরিমানা গুনতে হচ্ছে।
জরিমানা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ স্থগিত করেন। জরিমানা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে আদালত এ আদেশ দেন।
পরে লিভ টু আপিলকারীর আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তর ১০ শিল্পকারখানার দূষণের বিপরীতে ১ কোটি ৪ লাখ টাকা ক্ষতি নিরূপণ করে। মাসে মাসে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছিল অধিদপ্তর। অপর চারটি কারখানাকে কারণ দর্শাতে বলা হয়। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় এখন ১০টি কারখানার কাছ থেকে জরিমানা আদায়ে বাধা নেই। চার কারখানাকেও কারণ দর্শানোর জবাব দিতে হবে।
রিট আবেদনকারী পক্ষ জানায়, ১০ কারখানা হচ্ছে সীবা ডাইং লিমিটেড, ইভানা ডাইং মিলস, রানা এন্টারপ্রাইজ, এস এস ডাইং মিলস লিমিটেড, চাঁদনী টেক্সটাইল লিমিটেড, সুগন্ধা ডাইং লিমিটেড, নূর এ মদিনা ডাইং লিমিটেড, কুমিল্লা ডাইং, সোনারগাঁও ফ্যান্সি প্রিন্টিং অ্যান্ড ডাইং এবং মিতা টেক্সটাইল মিলস লিমিটেড।
শ্যামপুর-কদমতলী এলাকার শিল্পকারখানাগুলো বর্জ্য বুড়িগঙ্গায় ফেলে পরিবেশদূষণ করছে বলে পত্রিকায় প্রতিবেদন ছাপা হলে তা যুক্ত করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৫ সালে একটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
রিট আবেদনকারী পক্ষ জানায়, এর পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কারখানার দূষণের প্রাথমিক অর্থমূল্য নিরূপণ করে এককালীন অর্থ জমাদানের পাশাপাশি ইটিপি নির্মাণাধীন সময় পরবর্তী ছয় মাস পর্যন্ত মাসিক নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়। পরে হাইকোর্টে শ্যামপুর-কদমতলী শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিবেশ অধিদপ্তরের জরিমানার আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ওই সিদ্ধান্ত স্থগিত করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রিট আবেদনকারী পক্ষ আপিল বিভাগে আবেদন করে। গতকাল শুনানি শেষে আদালত তা নিষ্পত্তি করে আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শিল্প মালিক সমিতির পক্ষে ছিলেন আইনজীবী সারওয়ার আহমেদ।
আইনজীবী সারওয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের দেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে।