১০ সদস্যের দুটি টাস্কফোর্স গঠন করল দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল রোববার ১০ সদস্যবিশিষ্ট দুটি টাস্কফোর্সের তালিকা প্রকাশ করেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে গঠিত ১১টি দল বিলুপ্ত করার পর সংস্থাটি এ দুটি টাস্কফোর্স গঠন করল।
দুদকের সূত্র বলেছে, গত ১০ আগস্ট প্রাতিষ্ঠানিক দলগুলো বিলুপ্ত করার পরই দুটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় কমিশন। কারণ হিসেবে বলা হয়, ওই দলগুলো কমিশনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুটি টাস্কফোর্সের প্রতিটিতে পাঁচজন করে সদস্য রয়েছেন। টিম ‘এ’তে রয়েছেন দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম ও এস এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক শেখ আবদুস ছালাম ও দেবব্রত মণ্ডল এবং উপসহকারী পরিচালক মো. সাইদুজ্জামান। টিম ‘বি’তে রয়েছেন উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও মো. মঞ্জুর মোর্শেদ, সহকারী পরিচালক সৈয়দ আহমেদ ও মো. মাসুদুর রহমান এবং উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ।
টাস্কফোর্সের কর্মপরিধিতে বলা হয়েছে, নতুন গঠিত দুটি টিম কমিশনের মহাপরিচালকের (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) নিয়ন্ত্রণে থাকবে। দুদকের সদর দপ্তরেই থাকবে এগুলোর অবস্থান। তবে সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়ম ও দুর্নীতির খবর পাওয়ামাত্র কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে ছুটে যাবে টাস্কফোর্স।