১০ সাব-রেজিস্ট্রার চাকরিচ্যুত
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ১০ সাব-রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা সবাই মুজিবনগর কর্মচারীর ভুয়া পরিচয়ে চাকরিতে প্রবেশ করেছিলেন। বিভাগীয় মামলা শেষে যথাযথ শুনানির মাধ্যমে সরকারি কর্মকমিশনের সঙ্গে পরামর্শ করে গতকাল সোমবার তাঁদের বরখাস্ত করা হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বরখাস্ত-সম্পর্কিত আদেশও গতকাল জারি করেছে। যেসব সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করা হয়েছে তাঁরা হলেন বরিশাল চাখারের মোহাম্মদ ফারুক, ফেনীর লেমুয়ার মোরশেদুর রহমান, জামালপুরের বকশীগঞ্জের কামরুল আহসান, জামালপুরের ইসলামপুরের সবুর হোসেন খান, নীলফামারীর কিশোরগঞ্জের শফিকুল ইসলাম সরকার, দিনাজপুরের বোঁচাগঞ্জের আফছার আলী, নওগাঁর ধামুইরহাটের লিয়াকত হোসেন, ঝালকাঠির রাজাপুরের নূরুজ্জামান হাওলাদার, শরীয়তপুরের জাজিরার কাজী নজরুল ইসলাম ও মাগুরার শালিখার আবুল হোসেন। ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)ডি বিধি অনুযায়ী তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।