১০ সেকেন্ডে পালস চালু না করায় দুই অপারেটরকে চিঠি
১০ সেকেন্ডে পালস চালু না করা এবং ফ্লাট রেট ট্যারিফ (বেঁধে দেওয়া দর) পুরোপুরি বাস্তবায়ন না করায় গ্রামীণফোন লিমিটেড ও বাংলালিংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ নোটিশ দেওয়া হয়। তবে গ্রামীণফোন ১০ সেকেন্ডে পালস চালু করে গতকালই জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ দুটি অপারেটরকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নোটিশে বলা হয়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১০ সেকেন্ড পালস এবং ফ্লাট রেট ট্যারিফ পুরোপুরি বাস্তবায়ন করেনি ওই দুটি অপারেটর। এই নির্দেশনা ভঙ্গ করার ব্যাখ্যা ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়।গতকাল কারণ দর্শানোর নোটিশ ছাড়াও বিটিআরসির নির্দেশনা বাস্তবায়ন না করায় এবং দেরির জন্য দুঃখ প্রকাশ করে তা বার্তা আকারে কমপক্ষে দুটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়।