১০ সেকেন্ডের টর্নেডোয় গ্রাম লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মাত্র ১০ সেকেন্ডের এক টর্নোডোতে বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ও আধা পাকা বাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। গত রোববার রাত পৌনে আটটার দিকে গ্রামের পূর্ব থেকে পশ্চিম দিকে এ টর্নেডো বয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গার পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, রাত পৌনে আটটায় শুরু হয়ে টর্নেডোটি ১০ সেকেন্ড স্থায়ী হয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সরেজমিনে গতকাল সোমবার গ্রামটিতে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘরবাড়ি মেরামত এবং উপড়ে যাওয়া গাছপালা অপসারণ করতে দেখা যায়। বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১০টি খুঁটি উপড়ে যাওয়ায় গ্রামের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী সবুক্তগীনের তত্ত্বাবধানে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

গ্রামের বাসিন্দা সরোয়ার হোসেন (৬০) বলেন, ‘রাতি ইশার নামাজির জন্যি রেডি হচ্চিলাম। অ্যারাম সুমায় কিচু বুইজে উটার আগেই ঝড় আইসে ঘরের চাল উইড়ে নেলো। ইর পরপরই দিয়ালডাও ভাইঙে গ্যালো।’