১০ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন, পরীক্ষা ১১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ছয়টি স্কুল (অনুষদ) ও একটি ইনস্টিটিউটকে তিনটি ইউনিটে ভাগ করে একই দিনে তিন পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ১১ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সমাজবিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, আইন স্কুল এবং চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ২৮টি বিভাগের মোট ১ হাজার ১৯৯ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরীক্ষার সময় মোবাইল ফোনসহ অন্যান্য যোগাযোগ ডিভাইস সঙ্গে আনা যাবে না। আনলে এই শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ-সংক্রান্ত যেকোনো সমস্যায় ০১৭০৩৬১১১০৯, ০১৭১২৩৫৯৬০৮ এবং ০১৫৫৬৩২৭৪০৬ মোবাইল নম্বরে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে।

এ ছাড়া ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd ও kuadmission.online পাওয়া যাবে।