লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে দুটি উপস্বাস্থ্যকেন্দ্র ও আটটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছে রোগী। এসব কেন্দ্রে চিকিৎসক না থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে।
অথচ পাঁচ–ছয় বছর ধরে রায়পুরের স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিৎসকের পদগুলো শূন্য পড়ে আছে। এ কারণে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চাপ বাড়ছে।
জানা গেছে, উপজেলার হায়দারগঞ্জ বাজার ও সাইচা উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু পাঁচ বছর ধরে পদ দুটি শূন্য। তা ছাড়া চরপাতা, কেরোয়া, সোনাপুর, চরমোহনা, উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, রায়পুর এবং উত্তর চর আবাবিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে একজন করে চিকিৎসকের পদ থাকলেও সেগুলো বর্তমানে শূন্য। এ পদগুলোর অধিকাংশই পাঁচ–ছয় বছর ধরে খালি পড়ে আছে।
হায়দারগঞ্জ ইউনিয়নের চর আবাবিল গ্রামের জামাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার তিনি পেটব্যথায় আক্রান্ত হয়ে হায়দারগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে যান। কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করেও কাউকে না পেয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে চলে আসেন। পরে গ্রামের হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন। কিন্তু ওই চিকিৎসায় তাঁর পেটব্যথা কমেনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহারিয়া শায়লা জাহান বলেন, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং আটটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে চিকিৎসকের পদ শূন্য রয়েছে। প্রতি মাসেই বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। কিন্তু আজও ওই সব শূন্যপদ পূরণের ব্যবস্থা করা হয়নি।