পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে একই পরিবারের নয়জনকে পুড়িয়ে মারাসহ ১০ হত্যার ঘটনায় দুই বছরেও মামলা নেয়নি থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত তো দূরের কথা, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
উল্টো ক্যাম্পবাসীর বিরুদ্ধে করা ছয় মামলা প্রত্যাহার না করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।
১৪ জুন এই হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হচ্ছে। ক্যাম্পের বাসিন্দাদের অভিযোগ, সরকারদলীয় সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লাহর মদদে জুয়েল রানার সমর্থক ও পুলিশ যৌথভাবে তাঁদের ওপর হামলা চালায়। জুয়েল রানা পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক।
ক্যাম্পবাসী হামলা, নির্যাতনের শিকার হলেও পুলিশ বাদী হয়ে চারটি এবং আরও দুই ব্যক্তিকে দিয়ে দুটি মামলা করায়। এই ছয় মামলায় মোট ৩ হাজার ৭১৪ জন ক্যাম্পবাসীকে আসামি করা হয়। কিন্তু ক্যাম্পবাসীর করা মামলা নেয়নি পল্লবী থানা।
২০১৪ সালের ১৩ জুন পবিত্র শবে বরাতের রাতে ‘বিহারি হিসেবে পরিচিত’ ওই ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে পাশের বাউনিয়া বাঁধের বাসিন্দাদের সংঘর্ষ হয়। এই বাসিন্দারা ছিল মূলত জুয়েল রানার সমর্থক। সংঘর্ষের একপর্যায়ে পরদিন ১৪ জুন সকালে জুয়েল রানার সমর্থকেরা ক্যাম্পের আটটি ঘরে বাইরে থেকে অগ্নিসংযোগ করে। এতে মো. ইয়াছিনের পরিবারের নারী-শিশুসহ নয়জন সদস্য জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। তাঁর এক মেয়ে ফারজানা দগ্ধ হলেও কাটা বেড়া দিয়ে বেরিয়ে যায়। আর পুলিশের গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা মো. আজাদ, যিনি ছিলেন বেনারসি পল্লির একজন কারচুপি শ্রমিক। ইয়াছিন সেদিন বাইরে থাকায় বেঁচে গেলেও গত বছরের ৬ সেপ্টেম্বর পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় মারা যান। পরদিন তাঁর ফুফাতো ভাই মো. আলমের করা মামলায় সন্দেহ করা হয়, ইয়াছিনের মৃত্যুতে ওই দুর্বৃত্তদের হাত থাকতে পারে। ক্যাম্পবাসীর বিরুদ্ধে ছয় মামলা ও ইয়াছিন মৃত্যুর ঘটনায় করা আরেক মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সরেজমিনে দেখা যায়, কুর্মিটোলা বিহারি ক্যাম্পের পূর্ব দিকে টিনের যে ঘরটি পুড়ে ইয়াছিনের স্ত্রী, ছেলেমেয়ে, পুত্রবধূ, নাতিসহ নয়জন মারা গেছেন, সেখানে একটি টিনশেড ঘরে মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে। ক্যাম্পের ছেলেমেয়েরা এই মাদ্রাসায় পড়ে। মাদ্রাসার চারদিকের দেয়ালে টিনের ছাউনি দিয়ে তোলা হয়েছে কয়েকটি দোকানঘর। এখানে একটি ঘরে আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন এসপিজিআরসির কুর্মিটোলা ক্যাম্পের কার্যালয়। দপ্তরের দেয়ালে ১০ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে একটি পোস্টার ঝুলছিল।
ক্যাম্পবাসীর অভিযোগ, বিদ্যুৎ-সংযোগ নিয়ে সাংসদের সঙ্গে ক্যাম্পবাসীর বিরোধের বিষয়টি অজুহাত মাত্র। মূলত তাঁদের ওপর হামলার উদ্দেশ্য ছিল এখান থেকে তাঁদের উচ্ছেদ করে এই এলাকায় বিপণিবিতান নির্মাণ করা।
এসপিজিআরসির নেতা শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা একাধিকবার পল্লবী থানায় অভিযোগ নিয়ে গিয়েছি। কিন্তু থানা মামলা গ্রহণ না করায় ইয়াছিনকে বাদী করে আদালতে মামলা করতে চেয়েছিলাম। কিন্তু আদালতে যাওয়ার দুই দিন আগে বাসের ধাক্কায় তাঁকে মেরে ফেলা হয়। একই পরিণতি হতে পারে আশঙ্কায় কেউই আদালতে মামলা করতে সাহসী হচ্ছেন না।’
শওকত বলেন, সরকারদলীয় নেতা-কর্মী ও পুলিশ ক্যাম্পের বাসিন্দাদের ওপর হামলা চালায়। হামলার ভিডিও ফুটেজ ডিবিকে দেওয়া হয়েছিল। কিন্তু হামলাকারীদের শনাক্ত তো দূরের কথা, অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদই করা হয়নি।
ক্যাম্পবাসীর বিরুদ্ধে করা ছয় মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (ডিবি) মো. সাজ্জাদুর রহমান বলেন, তথ্যপ্রমাণ না পাওয়ায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ কিংবা হত্যার ঘটনায় কাউকেই শনাক্ত করা যায়নি। যুবলীগের নেতা জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে স্বীকার করেন তিনি।
মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনার এক বছর পর তিনি থানায় যোগ দেন। এই সময়ে কেউ এ ঘটনায় অভিযোগ নিয়ে আসেনি।
ফারজানা বিচার চায় না: ইয়াছিনের পরিবারে এখন বেঁচে আছে কেবল তাঁর মেয়ে ফারজানা। এখন তার আশ্রয় জুটেছে খালা সহিদা বেগম ও খালু আসলাম খানের পরিবারে। ফারজানার দুই হাত-পা, মুখমণ্ডল ও পিঠের ঘা প্রায় শুকিয়ে গেলেও তা অনেকটা কুঁচকে গেছে। মাঝেমধ্যে এসব জায়গা ফুলে ওঠে ও ব্যথা হয়।
প্রথম আলোর কাছে ক্ষোভের সঙ্গে ফারজানা বলে, ‘অনেকেই আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছিল। কিন্তু কেউ কথা রাখেনি। টাকার অভাবে এখন পোড়া স্থানে ফিজিওথেরাপি নিতে পারি না।’
ফারজানা এখন আর কারও কাছে বিচার চায় না। তার কথা, ‘আমি বিচার চাইলেই কি বিচার পামু? আসামি কে ধরবে?’
অভিযোগ অস্বীকার: যুবলীগের নেতা জুয়েল রানা হামলার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। গত বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। ২০১৪ সালের ১৩ জুন শবে বরাতের রাতে নামাজ পড়ে ঘুমাই, পরদিন দুপুর একটায় উঠি। আর বিহারি ক্যাম্পের ঘটনা ঘটে সকালে। তারপরও বিচারে দোষী সাব্যস্ত হলে তা মাথা পেতে নেব।’
ক্যাম্পবাসী অভিযোগ করছেন কেন জানতে চাইলে জুয়েল বলেন, ‘রাজনৈতিকভাবে আমাকে বিপদে ফেলতে একটি মহল ষড়যন্ত্র করেছে।’
সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লাহ গতকাল তাঁর বিরুদ্ধে ক্যাম্পবাসীর অভিযোগ সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পবাসীর কে বলেছে, কজন বলেছে, আপনি আসেন, আমিও আসি। তারা আমার সামনে বলুক। এতে দোষী সাব্যস্ত হলে আমি মেনে নেব।’ সাংসদের দাবি, হামলায় জুয়েল রানা জড়িত ছিলেন না।