১০ হাজার একর জমি চাষাবাদের আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির ভূজপুরে হালদা নদীতে রাবার ড্যাম নির্মিত হওয়ায় সেচসুবিধা পাচ্ছেন আশপাশের কৃষকেরা l প্রথম আলো
ফটিকছড়ির ভূজপুরে হালদা নদীতে রাবার ড্যাম নির্মিত হওয়ায় সেচসুবিধা পাচ্ছেন আশপাশের কৃষকেরা l প্রথম আলো

ফটিকছড়ি উপজেলার ভূজপুরের হরিণা বিলে বোরো মৌসুম এলেই খঁা খাঁ করত জমি। বেকার হয়ে পড়তেন চাষিরা। কারণ, সেচসুবিধা না থাকায় এই বিলে চাষ হতো না। সেই দিন পাল্টেছে। হরিণা বিলজুড়ে এখন সবুজের হাসি। চাষ হচ্ছে বোরো ধানের।
হালদা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। অবসান ঘটিয়েছে দুশ্চিন্তার। রাবার ড্যামটি নির্মিত হওয়ায় ১০ হাজার একর জমি চাষাবাদের আওতায় এসেছে।
রাবার ড্যাম চালু হওয়ায় হরিণা বিলের মতো পূর্ব ভূজপুর, হরিণা, আমতলী, পূর্ব কৈয়াপুকিয়া, পশ্চিম কৈয়াপুকিয়া, সিংহরিয়া, কোটবাড়িয়া, উত্তর সুন্দরপুর, হাঁফানিয়া, পোনাই বিল, পাইন্দং বিল, কৈয়া চা-বাগান, আছিয়া চা-বাগান, হালদাভ্যালি ও নেপচুন চা-বাগানও এসেছে সেচের আওতায়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে এলে ডিজিটাল পদ্ধতিতে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে টেলি–কনফারেন্সের মাধ্যমে রাবার ড্যামটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এটি নির্মাণে ব্যয় হয় ১২ কোটি টাকা। ড্যামটি নির্মিত হওয়ায় এতে প্রায় ১০ হাজার একর কৃষিজমি বোরো চাষাবাদের আওতায় আসে। ড্যামের উপকারভোগী কৃষক পরিবারের সংখ্যা প্রায় চার হাজার। ২৪টি ব্লকের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।
আছিয়া চা-বাগানের ব্যবস্থাপক মো. মমতাজুল হাসান জানান, প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হলো। এতে অন্তত পাঁচ হাজার কৃষক পরিবারের ভাগ্য বদলে যাচ্ছে। সিংহরিয়া গ্রামের বর্গাচাষি মো. এয়াকুব বলেন, সেচের অভাবে এসব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বোরো মৌসুমে পতিত থাকত। চলতি মৌসুমে এসব অঞ্চলে এখন পানিতে থই থই করছে। দেখে মন ভরে যাচ্ছে।
কৃষক হাছি মিয়া চৌধুরী বলেন, ড্যামটি এলাকার জন্য আশীর্বাদ। এর ফলে ভূজপুরে কৃষির বিপ্লব ঘটানো সম্ভব হবে। ড্যাম হওয়ার পর এসব এলাকার চাষাবাদের জমিগুলো একফসলি থেকে উন্নীত হয়ে তিনফসলি জমিতে রূপান্তরিত হচ্ছে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ জানান, হালদার ওপর রাবার ড্যামটি কৃষকের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে। এতে ১০ হাজার একর জমি চাষাবাদের আওতায় এসেছে। ফলে চলতি বছর ১০ হাজার মেট্রিক টন খাদ্যশষ্য উৎপাদন বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, ভবিষ্যতে এসব জমিতে শীতকালীন সবজি চাষাবাদেও কৃষকেরা লাভবান হবেন।