১০ হাজার কর্মীর বেতন নেই দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের অধীনে কর্মরত ১০ হাজারের বেশি কর্মী দুই মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। কর্তৃপক্ষের দাবি, বরাদ্দ না পাওয়ায় এ অবস্থা হয়েছে।জেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ন্যাশনাল সার্ভিস প্রকল্পের বরগুনার পাঁচটি উপজেলায় ১০ হাজার ৮১ জন কর্মীকে নিয়োগ করা হয়। ২০১০ সালের মে মাস থেকে পর্যায়ক্রমে এসব কর্মী দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ে কর্মরত আছেন।ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কর্মীরা জানান, প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখে প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে কাজের প্রত্যয়নপত্র এনে সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে জমা দিতে হয়। এরপর ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে ব্যাংকের মাধ্যমে চার হাজার টাকা বেতন-ভাতা পান তাঁরা। কিন্তু ডিসেম্বর ও জানুয়ারি মাসের প্রত্যয়নসংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিলেও এখন পর্যন্ত পাঁচ উপজেলার কোনো কর্মী বেতন-ভাতার অর্থ পাননি।বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মাছখালী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ন্যাশনাল সার্ভিসের কর্মী মাকসুদা পারভীন বলেন, ‘এমনিতেই আমাদের মাসের শেষ পর্যায়ে এসে বেতন-ভাতা দেওয়া হয়, তার ওপর জানুয়ারি ও ফেব্রুয়ারির বেতন না পাওয়ায় আর্থিকভাবে সীমাহীন অনটনে আছি।’জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তাক উদ্দীন বলেন, মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেতে দেরি হচ্ছে বলে বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।