১০ হাজার কোটি টাকার তহবিল চায় রিহ্যাব

আবাসনশিল্পকে চাঙা করতে সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করার দাবি করেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই তহবিল থেকে সাধারণ ক্রেতাদের এক অঙ্কের সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দেওয়া হোক—এমনটাই বলছেন সংগঠনের নেতারা।
দাম আকাশচুম্বী হওয়ায় বেশ কয়েক বছর আগেই রাজধানীর বুকে একটি ফ্ল্যাট কিংবা প্লট ক্রয় মধ্যবিত্তদের স্বপ্নের পর্যায়ে চলে গেলে। আবার যাঁরা বুকিং দিয়েছেন তাঁদের অনেকেই কিস্তি নিয়মিত পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন। ব্যাংকঋণ না পাওয়া, আবার পেলেও উচ্চ সুদহার এ ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। আর সে জন্যই এই তহবিল গঠন প্রয়োজন বলছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
জানা যায়, ২০০৭ সাল থেকে আবাসন খাতের জন্য পর পর তিন বছর (প্রথম দুবার ৩০০ কোটি ও পরে ৫০০ কোটি টাকা) বিশেষ তহবিল দেয় সরকার। এই তহবিল থেকে ক্রেতারা এক হাজার ২০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাট ক্রয়ে ৯ শতাংশ সুদে ঋণ পেতেন। তবে কয়েক বছর ধরে এটি বন্ধ আছে। গত বছর অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে বৈঠক করে রিহ্যাব নেতারা ‘হাউজিং লোন’ নামে দেড় হাজার তহবিলের দাবি জানালেও কোনো অগ্রগতি হয়নি।
সংগঠনের পক্ষ থেকে সভাপতি আলমগীর শামসুল আলামিন গত অক্টোবরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে লিখিতভাবে এই তহবিল গঠন করার দাবি জানান। এতে রিহ্যাব বলেছে, গৃহায়ণশিল্প নানা সমস্যা ও সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই খাতে আর্থিক ঋণপ্রবাহ না থাকায় সাধারণ মানুষের বিনিয়োগ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া ছাড়া এই সংকট মোকাবিলা করা অসম্ভব। আর এ জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ তহবিল গঠন করলে ক্রেতা-ব্যবসায়ী সবাই উপকৃত হবেন।
তহবিল গঠনের পক্ষের আরও যুক্তি দিয়ে রিহ্যাব বলেছে, আবাসান খাতের সঙ্গে ইস্পাত থেকে শুরু করে সিমেন্ট, পেইন্ট, টাইলস, সিরামিকসহ ২৬৯টি শিল্প সরাসরি যুক্ত আছে। আবাসন খাত সংকটের মধ্যে ঘুরপাক খাওয়ায় এসব পশ্চাৎমুখী শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গৃহায়ণমন্ত্রী আমাদের দাবিটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন বলে আশ্বস্ত করেছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তহবিল গঠন হলে সরকারি ব্যাংকের মাধ্যমে বিতরণ করতে হবে। অন্যথায় এই ঋণের সুদহার আবার বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে।