১০ হাজার কোটি টাকা দিয়ে বিপাকে ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বনেদি কারবারিদের বড় অংশই এখন বড় ঋণখেলাপি। অনেকে ঋণ নিয়ে ভিন্ন খাতে বিনিয়োগ করে মার খেয়েছেন। এখন চেক প্রত্যাখ্যাত হয়ে এবং অর্থঋণ আদালতের মামলায় পড়ে দিশেহারা। একদল আবার হয়েছে লাপাত্তা।
ঋণের এই টাকা ব্যবসায়ীরা নিজের ব্যবসায় বিনিয়োগ না করে জমি কিনেছেন। কেউবা দ্রুত মুনাফার আশায় শেয়ারবাজারে ছুটেছেন। কেউ কেউ বিদেশেও অর্থ পাচার করেছেন। এভাবে ব্যাংকগুলোর আট থেকে দশ হাজার কোটি টাকা আটকা পড়েছে বলে চট্টগ্রামে সরেজমিনে এই তথ্য পাওয়া গেছে।
ব্যাংক ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, নুরজাহান গ্রুপের কাছে ব্যাংকের ঋণের পরিমাণ দুই হাজার ৬০০ কোটি টাকা, মোস্তফা গ্রুপের কাছে এক হাজার ২০০ কোটি টাকা, ইমাম গ্রুপের কাছে ৭০০ কোটি টাকা এবং ইয়াসির এন্টারপ্রাইজের কাছে ৪৮১ কোটি টাকা ব্যাংকগুলোর পাওনা রয়েছে। এই অর্থ আর আদায় করতে পারছে না ব্যাংক।
ব্যাংকগুলোও একসময় এসব ব্যবসায়ীকে বাছবিচার ছাড়া অতিরিক্ত ঋণ দিয়ে এখন বিপদে পড়ে গেছে। চট্টগ্রামের শীর্ষ ১৫-২০ জন ভোগ্যপণ্য আমদানিকারককে প্রায় সব ব্যাংকই বড় অঙ্কের ঋণ দিয়েছে। দেশে ব্যাংকের সংখ্যা বেশি, ঋণ দেওয়ার ক্ষেত্রেও ছিল প্রতিযোগিতা। এই সুযোগে অতিরিক্ত অর্থ পান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরাও এই সুযোগে বিপুল পরিমাণ ঋণ নিয়ে এখন ফেঁসে গেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সদস্য ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলো কোন বিবেচনাড এত টাকা এ খাতে জোগান দিয়েছে—আমার তা জানা নেই। তবে অনেক ব্যাংকই একই কোম্পানিকে অতিরিক্ত অর্থ দিয়েছে।’
ঋণ বিতরণে উদ্যোক্তাদের যোগ্যতা-দক্ষতা, সক্ষমতা কোনো কিছুই বিবেচনায় নেওয়া হয়নি। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বিশ্ববাজার পরিস্থিতি, অভ্যন্তরীণ চাহিদা-জোগান ও মূল্য পরিস্থিতি কোনো কিছুই বিশ্লেষণ করেননি, করলেও আমলে নেননি। অর্থ খাটাতে পারলেই মুনাফা—এমন বিবেচনাই প্রাধান্য পেয়েছে। রাষ্ট্রীয় খাত বা বেসরকারি ব্যাংক সবারই ছিল এ অবস্থা।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলো সম্ভাব্যতা যাচাই ছাড়াই দ্রুত মুনাফা করতে গিয়ে এই বেকায়দায় পড়েছে। তিনি পরামর্শ দিয়ে বলেন, কেন্দ্রীয় ব্যাংককে শক্ত হতে হবে। আইনকানুন, বিধিবিধান পালনের বিষয়টি গুরুত্ব দিতে হবে। ব্যাংকগুলোকেও পরিচালনা ও ব্যবস্থাপনার দিক থেকে সময়োচিত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
ব্যাংকের টাকা আটকে আছে: চট্টগ্রামে বিভিন্ন ব্যাংক ও খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, কোনো একটা আমদানিকারক বড় গ্রুপের অর্থের প্রয়োজন হয়তো ২০০ কোটি টাকা, অথচ পাঁচ ব্যাংক এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। এখন এসব টাকা আটকে আছে। মামলা-মোকদ্দমা, পুনঃ তফসিলের চেষ্টা চলছে। ব্যাংক নিজস্ব হিসাবের খাতা (বুকস অব অ্যাকাউন্ট) পরিষ্কার দেখাতে বিপুল পরিমাণ ঋণ রাইট অফ বা অবলোপন করেছে। তাতে ব্যাংকের সামগ্রিক খেলাপি ঋণ কম দেখানো যাচ্ছে।
চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুদ কামাল ভূইয়া এ প্রতিবেদককে বলেন, ঋণ বিতরণে কিছু অনিয়ম হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চললে এটা হয়তো হতো না। এখন এসব ব্যাংক বিপদে রয়েছে।
মামলায় আমদানিকারকেরা: অর্থঋণ আদালতে এখন প্রায় দুই হাজার মামলা বিচারাধীন। এর মধ্যে গত এক বছরেই ব্যাংকগুলো ৪৬৭টি মামলা করেছে। এসব মামলার সিংহভাগই হয়েছে ভোগ্যপণ্য আমদানিকারকদের বিরুদ্ধে। এ সময়ে বড় ঋণগ্রহীতা (১০ কোটির ওপরে) ৩৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় চার হাজার কোটি টাকা আদায়ের মামলা হয়। মামলা করা হয়েছে এমইবি গ্রুপ, মোস্তফা গ্রুপ, এস এ গ্রুপ, নুরজাহান গ্রুপ, ইমাম গ্রুপ, সিদ্দিক ট্রেডার্স, রুবাইয়া ভেজিটেবল, এ জামান অ্যান্ড ব্রাদার্স, ম্যাক ইন্টারন্যাশনাল ইত্যাদির বিরুদ্ধে। এসব মামলার পর গত বছর আদায় হয় প্রায় ৪৩ কোটি টাকা।
অর্থঋণ আদালতের বাইরে মহানগর হাকিম ও মহানগর দায়রা জজ আদালতেও চেক প্রত্যাখ্যাতের মামলা বিচারাধীন রয়েছে। এই আদালতেও নুরজাহান গ্রুপ, এমইবি গ্রুপ, এস এ গ্রুপ ও রুবাইয়া ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ বিবাদী প্রতিষ্ঠান।
জমিতে বিনিয়োগ: ২০০০ সাল থেকে চট্টগ্রাম এলাকাতে জমির দাম বাড়তে থাকলেও ২০০৯ সালের পর ব্যবসায়ীরা জমিতে বিনিয়োগে আগ্রহী হয়ে পড়েন। এতে জমির দাম বেড়ে যায় কয়েক গুণ। চট্টগ্রামের বিভিন্ন সম্ভাবনাময় বাণিজ্যিক এলাকাসহ সমুদ্রনগর কক্সবাজার পর্যন্ত ব্যবসায়ীরা ব্যাংকের টাকায় জমি কিনেছেন।
২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদের হার বেঁধে দেয় এবং মুদ্রা সরবরাহ বৃদ্ধি করে। এ সময় ব্যাংকগুলোও তাদের কাছে থাকা অর্থ বিনিয়োগে বাছবিচারহীন হয়ে পড়ে। মাত্র কয়েক বছর আগে গড়ে ওঠা নুরজাহান গ্রুপের কাছে ২৮টি ব্যাংক প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা ঋণ দিয়েছে।
নুরজাহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহম্মেদ তাঁর কার্যালয়ে বসে প্রথম আলোকে বলেন, ‘ভোজ্য তেলে বড় ধরনের লোকসান দিয়েছি। এক হাজার ২০০ ডলারের তেল ৫৫০ ডলারে নেমে আসে। তাতে যে ক্ষতি হয়েছে পোষাতে পারিনি।’
নুরজাহান গ্রুপের সব ঋণ এখন পুনঃ তফসিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বড় অংশ ঋণ পুনঃ তফসিল হয়েছে। নুরজাহান গ্রুপ অন্তত ২০০ কোটি টাকার জমি কিনেছে বলে জানা যায়।
কয়েকটি কোম্পানি ব্যাংকঋণের অর্থ বিদেশেও পাচার করেছে। খোঁজ নিয়ে অন্তত দুজন ব্যবসায়ীর সন্ধান পাওয়া গেছে, যাঁরা বিদেশে পাড়ি দিয়েছেন। যেমন, ইয়াসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাহের হোসেন। ব্যাংকগুলোতে তাঁর ৪৮১ কোটি টাকার ঋণ রয়েছে। ইয়াসির গ্রুপের ঋণ বিতরণ-সংক্রান্ত বিষয়ে বেসরকারি সিটি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক ইউনিট-প্রধান ওবায়দুর রহমান ফারুকীকে চাকরিচ্যুত করা হয়েছে।
অপর ব্যবসায়ী গিয়াসউদ্দিন কুসুম জাহাজভাঙা শিল্পের সঙ্গে জড়িত। তাঁর কাছে ব্যাংকগুলোর এখন পর্যন্ত পাওনার পরিমাণ ৩০০ কোটি টাকার মতো বলে জানা যাচ্ছে।
বনেদি কারবারি: কিছুদিন আগেও দেশের খ্যাতনামা আমদানিকারক প্রতিষ্ঠান ছিল ইলিয়াস ব্রাদার্স, মোস্তফা গ্রুপ, এস এ গ্রুপ, নুরজাহান গ্রুপ, রুবাইয়া গ্রুপ, ইমাম ট্রেডার্স ইত্যাদি। কিন্তু এসব প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে।
বিগত কয়েক মাসে ১৪-১৫টি ব্যাংক চট্টগ্রামের স্থানীয় পত্রিকাগুলোতে খাতুনগঞ্জের জমি ও সম্পত্তি নিলামের বিজ্ঞাপন ছেপেছে। এই তালিকায় ছিল নুরজাহান গ্রুপ, মোস্তফা গ্রুপ, এমইবি গ্রুপ, ইমাম গ্রুপ, সিদ্দিক ট্রেডার্স, হারুন ট্রেডিং, রুমানা এন্টারপ্রাইজ, মনোয়ারা ট্রেডিং, এস এস ইন্টারন্যাশনাল, ইত্যাদি।
আমদানি বাণিজ্যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স। একসময় ভোগ্যপণ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল এরাই। নগরের জেইসি মোড়ে প্রতিষ্ঠানের কার্যালয়ে কথা হয় বর্তমানে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এমইবি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের এমডি মোহাম্মদ শোয়েব রিয়াদের সঙ্গে। তিনি বলেন, ‘নিত্যপণ্য আমদানি করে বিপুল পরিমাণ লোকসান দিতে হয়েছে আমাদের। যে কারণে প্রায় ৯০০ কোটি টাকার ঋণ খেলাপি হয়ে গেছে।’ তবে তিনি জানান, এমইবি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মাধ্যমে তিনি নতুন করে উৎপাদন-প্রক্রিয়াতে জড়িত হয়েছেন। আশা করছেন ব্যাংকের সঙ্গে তাঁর দেনাগুলো নিয়মিত করে ফেলতে পারবেন।
আপাতত ভালো আছে পিএইচপি, টিকে গ্রুপ, আবুল খায়ের, এস আলম গ্রুপ ও বিএসএম গ্রুপ। তবে ব্যাংকাররা বলছেন, তাদের নগদ অর্থের সাইকেল বা চক্রটা ঠিকমতো আছে বলেই ভালো দেখা যাচ্ছে। এ বিষয়ে একজন উদ্যোক্তা বললেন, ‘ফ্যানটা ঘুরছে, তাই এর পাখা কয়টা তা হিসাব করা যাচ্ছে না। বন্ধ হলে গোনা যাবে, তা তিনটা না চারটা।’