১০ হাজার টাকায় ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি!
বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামে গত বুধবার সকালে সালিস বৈঠকে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন দুই সন্তানের জনক কুদ্দুস হাওলাদার (৩৮)।ধর্ষিত মেয়েটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামের হতদরিদ্র একটি পরিবারের স্বামী-স্ত্রী গত ১৮ আগস্ট তাঁদের স্বামী পরিত্যক্তা মেয়েকে (২২) বাড়িতে রেখে প্রতিদিনের মতো কাজে যান। ওই দিন সকাল সাড়ে নয়টার দিকে ঘরে একা পেয়ে গ্রামের প্রভাবশালী কুদ্দুস হাওলাদার তাঁকে ধর্ষণ করেন। রাতে মা-বাবা বাড়ি ফিরলে মেয়েটি তাঁর মায়ের কাছে ঘটনাটি জানান। ওই রাতেই মেয়ের মা-বাবা বিষয়টি গ্রাম্য মোড়লদের জানিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুদ্দুসের বাড়িতে যান। এ সময় কুদ্দুস ঘটনাটি কারও কাছে প্রকাশ না করার জন্য তাঁদের শাসিয়ে দেন। মেয়েটির বাবা পরদিন (১৯ আগস্ট) সকালে থানায় মামলা করতে রওনা হলে গ্রাম্য মোড়লেরা উপযুক্ত বিচার করার আশ্বাস দিয়ে মামলা করা থেকে তাঁকে বিরত রাখেন।মেয়ের বাবা জানান, মোড়লেরা বিচার না করে কালক্ষেপণ করে কুদ্দুসকে রক্ষার জন্য নানা টালবাহানা করেন। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তিনি আবার থানায় যেতে উদ্যত হন। এ সময় সালিসকারীরা তাঁদের কথার অবাধ্য হয়ে মামলা করলে তাঁর পরিবারকে সমাজচ্যুত করা হবে বলে শাসিয়ে দেন এবং পরদিন বুধবার সকালে সালিস বৈঠকের সময় নির্ধারণ করেন। গত বুধবার সকালে কুদ্দুসের বাড়িতে সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের বিচারক মোড়ল আলাউদ্দিন খাঁ ও লতিফ হাওলাদার কুদ্দুসকে সাত হাজার টাকা জরিমানা করেন। এতে রাজি না হওয়ায় আরও তিন হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। আলাউদ্দিন খাঁ বৈঠকেই মেয়ের বাবার হাতে ওই টাকা তুলে দেন।মোড়ল আলাউদ্দিন খাঁ ও লতিফ হাওলাদার বলেন, ‘মেয়ের পরিবার অত্যন্ত গরিব বলে তারা মীমাংসা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আর আমরা বসে মীমাংসা করে দিয়েছি।’ তবে তাঁরা হুমকি ও সালিস মানতে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেন।কুদ্দুস হাওলাদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী রাশিদা বেগম জানান, বিষয়টি মীমাংসা হয়েছে, এরপর আর কী থাকতে পারে।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।