
১০ হাজার টাকায় প্রতীকী ইট কিনে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবনের অংশীদার হওয়া যাবে। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিদের পক্ষ থেকে জাদুঘরের বাকি কাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা চাওয়া হয়। সেখানে ট্রাস্টিদের পক্ষ থেকে এ কথা বলা হয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাদুঘর ভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান অবস্থান রাজধানীর সেগুনবাগিচায়।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘর আজ ৪ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী একটি প্রচার অভিযান শুরু করতে যাচ্ছে। এ সময়ের মধ্যে জাদুঘর নির্মাণকাজ সম্পন্ন করতে যেকোনো পরিমাণের অর্থ অনুদান হিসেবে গ্রহণ করা হবে। বিশেষ করে ১০ হাজার টাকায় প্রতীকী ইট কিনে যে কেউ মুক্তিযুদ্ধ জাদুঘরের অংশীদার হতে পারবে। এ জন্য ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট “মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ, অ্যাকাউন্ট নম্বর: ১৫০১১০১৬৫৮৬৩৭০০১” এবং বিকাশ নম্বর ০১৭৩০৬০০০৬২-এ টাকা পাঠানো যাবে। আর মুক্তিযুদ্ধ জাদুঘরের এ আহ্বান থেকে আশানুরূপ সাড়া পেলে উদ্বৃত্ত অর্থ দিয়ে একটি এনডাউমেন্ট ফান্ড তৈরি করা হবে। ওই অর্থ জাদুঘরের কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।’
সারওয়ার আলী আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধ ছিল। বাংলাদেশের সব শ্রেণির মানুষের অংশগ্রহণেই বিজয় অর্জিত হয়েছিল। তাই তাঁরা চান সব শ্রেণির মানুষের মালিকানা ও অংশগ্রহণেই জাদুঘরের কাজ সম্পন্ন হোক।’ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্থায়ীভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের নির্মাণের জন্য আনুমানিক ব্যয় হবে ১০২ কোটি টাকা। ইতিমধ্যে সরকারের বাজেট বরাদ্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে ৮০ কোটি টাকা অনুদান পাওয়া গেছে। ফলে জাদুঘরের পুরো কাজ সম্পন্ন করতে এখনো ২২ কোটি টাকা প্রয়োজন।
জাদুঘরের আরেক ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, ২০১২ সালে জাদুঘরের কাজ শুরু হয়। জাদুঘরের ভবনের কাজ শেষ। তবে গ্যালারি তৈরির কাজ এখনো বাকি। তাঁরা আশা করছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাদুঘরের পুরো কাজ সম্পন্ন করা যাবে। তবে দু-তিন মাস দেরিও হতে পারে।
সংবাদ সম্মেলনে অারও উপস্থিত ছিলেন জাদুঘরের ট্রাস্টি রবিউল হোসেন, সারা যাকের ও দাতা আবদুল মতিন চৌধুরী। মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট (www.liberationwarmuseumbd.org)।