১০ হাজার দুস্থ জেলে ভিজিএফ পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা সংরক্ষণ মৌসুমে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় ১০ হাজার জেলে মৎস্য ভিজিএফ (দুস্থ জাটকাশিকারিদের জন্য) কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। দুই উপজেলায় এই কর্মসূচির সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা তৈরিতেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গলাচিপার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে দুস্থ জেলেদের জন্য মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় সাত হাজার ১১৯ জন জেলেকে এবং রাঙ্গাবালীর পাঁচটি ইউনিয়নের সাত হাজার ৯৪৪ জন জেলেকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইলিশ সংরক্ষণের জন্য প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে জাটকা শিকার নিষিদ্ধ করা হয়েছে। জাটকা শিকারে নিরুৎসাহিত করার লক্ষ্যে সরকার প্রতিবছর ফেব্রুয়ারি থেকে মে—এ চার মাস দুস্থ জেলেদের জন্য প্রতি মাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল (মৎস্য ভিজিএফ) বিতরণের কর্মসূচি চালু করেছে। গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা (রাঙ্গাবালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে) কামরুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় ভিজিএফ সুবিধা দেওয়ার জন্য চলতি মৌসুমে গলাচিপা উপজেলার সাত হাজার ১১৯ জন এবং রাঙ্গাবালী উপজেলার সাত হাজার ৯৪৪ জন দুস্থ জাটকাশিকারির নাম চূড়ান্ত করে চাহিদাপত্র পাঠানো হয়। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গলাচিপার দুই হাজার ৮০০ জন এবং রাঙ্গাবালীর দুই হাজার ৩০৪ জন জেলের নামে মোট ৬১২ দশমিক ৪৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়।তিনি আরও বলেন, ‘গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় নয় হাজার ৯৫৯ জন দুস্থ জাটকাশিকারি মৎস্য ভিজিএফ সুবিধার বাইরে রয়েছেন। তবে শিগগির এসব দুস্থ জেলেকে এই সুবিধার আওতায় আনা হবে বলে আশা করছি।’ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির গলাচিপা উপজেলা শাখার সভাপতি ইসরাত হোসেন বলেন, ‘গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার প্রায় ১০ হাজার প্রকৃত দুস্থ জাটকাশিকারিকে মৎস্য ভিজিএফ কর্মসূচির বাইরে রেখে যাঁদের এ সুবিধা দেওয়া হচ্ছে, তাঁদের অনেকেই অপেক্ষাকৃত সচ্ছল। উপকারভোগীদের তালিকা তৈরি এবং ভিজিএফ বিতরণের প্রক্রিয়াও অনেক অস্বচ্ছতা রয়েছে। এলাকার জনপ্রতিনিধিরা তালিকা তৈরি ও বিতরণের কাজ করছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির একজন প্রতিনিধিকে সঙ্গে রাখার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও এ নির্দেশনা মানা হচ্ছে না। আমরা এ বিষয়গুলো উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ইউনিয়নগুলোর প্রতিটি ওয়ার্ডে মৎস্য ভিজিএফ বিতরণের জন্য বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির একজন প্রতিনিধি ঠিক করে দিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁদের সঙ্গে নিয়ে কাজ করবেন। যদি কোনো জনপ্রতিনিধি তাঁদের সঙ্গে না রাখেন সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আর স্থানীয়ভাবে উপকারভোগীদের তালিকাও তৈরি করেছেন জনপ্রতিনিধিরা। আমরা শুধু তালিকা অনুমোদন করেছি। অনুমোদনের আগে কেউ আপত্তি দিলে সংশোধন করা যেত। আমরা সে ধরনের কোনো আপত্তিও পাইনি।’