১০ হাজার পরিবারে ঈদের আনন্দ ম্লান!
বরগুনায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পে কর্মরত ১০ হাজার কর্মী গত জুলাই মাসের বেতন-ভাতা পাননি। ঈদের আগে তাঁদের বেতন-ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এতে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কর্মীরা চরম হতাশা ব্যক্ত করেছেন।যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ন্যাশনাল সার্ভিস প্রকল্পের’ আওতায় জেলার পাঁচটি উপজেলায় চারটি ধাপে ১০ হাজার ৮১ জন কর্মীকে নিয়োগ দেওয়া হয়। এসব কর্মী দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ে কর্মরত আছেন।এই প্রকল্পে কর্মরত বরগুনা সদর উপজেলার বেশ কয়েকজন জানান, সর্বশেষ তাঁরা গত জুনের বেতন-ভাতার টাকা হাতে পান জুলাইয়ের মাঝামাঝি। এরপর এক মাস পার হলেও জুলাইয়ের বেতন-ভাতা তাঁরা পাননি। তাঁরা জানান, সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করলে সেখান থেকে তাঁদের বলা হয়েছে, বেতন-ভাতার টাকা বরাদ্দ পেতে দেরি হচ্ছে। তাই তাঁদের জুলাই মাসের বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না। এমনকি ঈদের আগে বেতন-ভাতার অর্থ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। আমতলী উপজেলার কয়েকজন কর্মী জানান, তাঁদের জুন ও জুলাই মাসের বেতন-ভাতার টাকা বকেয়া রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাশনাল সার্ভিসের বেশ কয়েকজন কর্মী আক্ষেপ করে বলেন, ‘ঈদ সামনে রেখে প্রত্যেক মানুষেরই কিছু আশা-আকাঙ্ক্ষা থাকে। কিন্তু বেতন-ভাতা না পেলে আমাদের অনেকের পরিবারে ঈদের আনন্দ ম্লান হবে।’ তাঁরা বলেন, ন্যাশনাল সার্ভিস প্রকল্পে কর্মরতদের বেশির ভাগই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। অনেক পরিবার এই বেতন-ভাতার ওপর নির্ভরশীল। ন্যাশনাল সার্ভিসে যোগ দেওয়ার পর অন্য কোনো কাজ তাঁরা করতে পারেননি। তাই সীমিত আয়ের ওপরই তাঁদের নির্ভর করতে হয়। তাও যদি সময়মতো না পাওয়া যায় তাহলে তাঁদের দুর্দশার শেষ থাকে না।আমতলীর ন্যাশনাল সার্ভিসের কর্মী আবুল হাসান বলেন, ‘জুন মাস থেকে বেতন-ভাতার অর্থ পাচ্ছি না। তাই পরিবারে খুব টানাপোড়েন চলছে। এখন শুনছি ঈদের আগে আর তা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন কীভাবে ঈদ করব, তাই ভাবছি।’জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ২০১০ সালের ৬ মে আনুষ্ঠানিক উদ্বোধনের পর চারটি ধাপে জেলার পাঁচ উপজেলায় বেকার যুবক ও যুব মহিলাকে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। চারটি ধাপের এই নিয়োগপ্রক্রিয়া শেষ হয় চলতি বছরের ৩০ জুন।জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাক উদ্দীন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘জুলাই মাসের বেতন-ভাতার প্রস্তাবনা আমরা আগেই মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কিন্তু মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়া যায়নি বলে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না। আমরা এ জন্য জোর চেষ্টা চালাচ্ছি, যাতে তাঁরা ঈদের আগে বেতন-ভাতা হাতে পান।’ঈদের আগে তা পাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না। তিনি জানান, আমতলীর ন্যাশনাল সার্ভিসের কর্মীদের স্বাক্ষরিত বিল যথাসময়ে পাওয়া যায়নি বলে তাঁদের গত জুনের বেতন-ভাতা পরিশোধ করা যায়নি।