১০ হাজার প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে পঞ্চগড়ে সরকারি-বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
প্রতিবছরই সেমিনার, কর্মশালা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কিন্তু যাঁদের জন্য এই আয়োজন তাঁরা কেমন আছেন, সারা বছর কেমন থাকেন, ভাতা পান কি না, সে খবর নেওয়ার মতো কেউ নেই। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে, পঞ্চগড়ে প্রায় ১০ হাজার প্রতিবন্ধী সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধাবঞ্চিত।
প্রতিবন্ধীদের পরিবার এবং তাঁদের নিয়ে কাজ করছে—এমন কয়েকটি সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চগড়ের প্রতিবন্ধীরা ভালো নেই। সমাজের দয়া-দাক্ষিণ্য নিয়েই তাঁদের বেঁচে থাকতে হচ্ছে। সামাজিক ও পারিবারিক অবহেলা তাঁদের নিত্যসঙ্গী। প্রতিবেশীরাও তাঁদের ভিন্ন চোখে দেখেন। তাঁদের মতামত, সুখ-দুঃখের কথা শোনা বা দেখার মতো কেউ নেই। অসুস্থ হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার লোক থাকে না। অনেক সময় হাসপাতালে ভর্তি হলেও সঠিক চিকিৎসা পান না। চিকিৎসক-সেবিকারা তাঁদেরকে ভালো সেবা দেন না।
বেসরকারি সংস্থার কয়েকজন কর্মকর্তা জানান, অধিকাংশ প্রতিবন্ধীই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। কারও থাকার ঘর নেই। কেউ ভিক্ষাবৃত্তি করে বেঁচে আছেন। সরকারি-বেসরকারি সহায়তা অপ্রতুল। অনেক কর্মকর্তা তাঁদের নাম লিখে নিয়ে গেলেও পরে আর কেউ খোঁজ নেন না। অনেকের পড়ালেখা করার ইচ্ছে থাকলেও পরিবারের সহযোগিতা না থাকায় বিদ্যালয়ে ভর্তি হতে পারে না।
সদর উপজেলার কাজীপাড়া গ্রামের জুলেখা বেগম (৫০) চলাফেরা করতে পারেন না। জন্ম থেকে দুই পা অচল। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। কোনোরকমে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলেটি মানসিক প্রতিবন্ধী। স্বামী শ্রবণপ্রতিবন্ধী। ভ্যান চালিয়ে কোনোরকমে সংসার চালান। জুলেখা বলেন, তিনি, তাঁর ছেলে ও স্বামী কেউ সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো অনুদান পান না। প্রতিবন্ধী হিসেবে শুধু তিনি বছরে একবার ১০ কেজি চাল পান। নিজেদের থাকার কোনো ভিটে নেই।
উত্তর কাজীপাড়া গ্রামের বেলী আক্তার (২০) বাক্প্রতিবন্ধী। তাঁর ইচ্ছে ছিল পড়ালেখা শিখবেন। কিন্তু পরিবার ও সমাজের অবহেলায় পঞ্চম শ্রেণিতেই তাঁকে থেমে থাকতে হয়। তিনি বলেন, ‘আমি সেলাইয়ের কাজ শিখতে চাই।’
জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১২ হাজার ৮৩০ জন প্রতিবন্ধী আছেন। এদের মধ্যে ৩৪১ জন শিক্ষা উপবৃত্তি ও দুই হাজার ৭৬২ জন মাসে পাঁচ শত টাকা করে ভাতা পান। বাকি নয় হাজার ৭২৭ জন কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না।
বেসরকারি সংস্থা পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার বলেন, প্রতিবন্ধীদের নিয়ে উল্লেখযোগ্য কোনো কার্যক্রম পঞ্চগড়ে নেই। বেসরকারি সংস্থার তেমন কোনো কর্মসূচি নেই। সরকারি বরাদ্দও অপ্রতুল।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহীদুল হক বলেন, পঞ্চগড়ে প্রতিবন্ধীদের জন্য কোনো আশ্রয়কেন্দ্র নেই। সরকারি সহযোগিতাও কম। তাঁদের ভাতা ও উপবৃত্তির পরিমাণ বাড়ানো উচিত।