১০ হাজার মহিষের উৎপাতে হুমকিতে উপকূলীয় বন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিষের উৎপাতে অসহায় হয়ে পড়েছেন মিরসরাইয়ের বামনসুন্দর বন বিটের ২০ কর্মী। এখানকার ৮০০ হেক্টর বনাঞ্চলে চরে বেড়ায় ১০ হাজার মহিষ। মহিষের উৎপাতের কারণে ম্যানগ্রোভ এই বন মাথা তুলে দাঁড়াতে পারেনি গত দুই বছরে।
মহিষ তাড়াতে গিয়ে স্থানীয় মালিকদের হাতে বনকর্মীরা বারবার নিগৃহীত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত মামলাও হয়েছে কয়েকটি। কিন্তু অবস্থা থেকে উত্তরণ হয়নি। ফলে দিন দিন চাপা পড়ছে বামনসুন্দর বিটের উপকূলীয় বনাঞ্চল। ফলে ঝুঁকির মুখে পড়ছে উপকূলীয় বাঁধ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১২-১৩ সালে ৬৫০ হেক্টর উপকূলীয় ভূমিতে ম্যানগ্রোভ বনাঞ্চল করা হয়। চলতি অর্থবছরে আরও ১৫০ হেক্টর বনাঞ্চলের কাজ চলছে। উপকূলীয় এই চরাঞ্চলটি জোয়ারের সময় পানিতে ডুবে যায় এবং ভাটার সময় ভেসে ওঠে। চারাগাছগুলোর উচ্চতা এখন দুই থেকে আড়াই ফুট পর্যন্ত হয়েছে। জোয়ার-ভাটায় ওই বনাঞ্চলের মধ্যেই হাজার হাজার মহিষ চরে বেড়ায়। ফলে বনাঞ্চলটি অঙ্কুরেই ধ্বংস হয়ে যাচ্ছে বলে বন বিভাগের অভিযোগ।
স্থানীয় রেঞ্জ কর্মকর্তা আবুল হাশেম ভূঁইয়া বলেন, ‘মহিষ চরাতে বাধা দিলে কয়েক মাস আগে স্থানীয় লোকজন আমাদের লোকজনকে মারধর করেন। মহিষ ধরে আনলে তা জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যান তাঁরা। অন্তত ১০ হাজার মহিষ একত্রে এখানে চরে বেড়ায়।’
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এখানে মহিষ পালন করেন। তাঁদের মধ্যে বাবুল সওদাগর অন্যতম। তাঁর অন্তত ২৫০টি মহিষ রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া চরসহোদর এলাকার মো. আবদুল্লাহ, মো. মাহফুজ, আবদুর রহমান, দুলাল বলি প্রমুখ মহিষ পালন করে থাকেন।
মহিষ মালিকদের বিরুদ্ধে ইতিমধ্যে আটটি মামলা হয়েছে। এ ছাড়া ৬৬ জনকে নোটিশ দেওয়া হয়েছে। গোচারণ বন্ধ রাখার জন্য বারবার বলা হলেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে সহযোগিতার জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনকে চিঠি লিখেও কোনো সুফল পাওয়া যায়নি।
সর্বশেষ গত ৬ অক্টোবর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও মহিষ পালনকারীদের সমন্বয়ে বামনসুন্দর এলাকায় একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে সর্বসম্মতভাবে বনাঞ্চল এলাকায় মহিষ না চরানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তা কার্যকর করা যাচ্ছে না বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মহা সমস্যায় রয়েছি। সবাইকে নিয়ে সভা করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। এখনো মহিষের উৎপাত বন্ধ হয়নি। এ বিষয়ে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টকেও অবহিত করেছিলাম। সাহেরখালীতে কোস্টগার্ড ক্যাম্পটি পুনঃস্থাপনের অনুরোধ করেছিলাম।’
জানা গেছে, মিরসরাই উপজেলাধীন সাহেরখালীতে কিছুদিন আগে কোস্টগার্ডের একটি ক্যাম্প ছিল। ক্যাম্প থাকাকালে গোচারণে বনাঞ্চল ধ্বংস হয়নি। এক বছর আগে ক্যাম্পটি প্রত্যাহার করা হয়। এর পর থেকে মহিষের অত্যাচার বেড়ে যায় বলে জানা গেছে।