পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নের ১০ হাজারের বেশি মানুষ জলাবদ্ধতার কবলে পড়েছে। ঘূর্ণিঝড় মহাসেনের ছোবলে বিধ্বস্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধ দিয়ে পানি ঢুকছে।
এ ছাড়া পূর্ণিমার প্রভাবে নদ-নদীর পানি অস্বাভাবিক বেড়ে গতকাল শুক্রবার জোয়ারের সময় প্লাবিত হয়েছে ওই তিনটি ইউনিয়নের অন্তত ২৪টি গ্রাম। এতে এসব এলাকার পানিবন্দী ১০ হাজারের বেশি মানুষ এখন দুর্ভোগ পোহাচ্ছে।
গতকাল সকালে কলাপাড়ার লালুয়া ইউনিয়নে নওয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে পুরো গ্রাম ডুবে গেছে। গ্রামের বেশ কয়েকজন জানান, ঘূর্ণিঝড়ে নাওয়াপাড়ায় ২৫০ ফুট বাঁধ বিধ্বস্ত হয়। এখন প্রতিদিন জোয়ারের সময় গ্রামে রামনাবাদ নদীর পানি ঢুকছে।
ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস জানান, বিধ্বস্ত বাঁধ দিয়ে পানি ঢুকে চৌধুরীপাড়া, ছোট পাঁচ নম্বর, বড় পাঁচ নম্বর, মুন্সীপাড়া, হাসনাপাড়া, মঞ্জুপাড়া, চান্দুপাড়া, কালাউপাড়া, ১১ নম্বর হাওলা, ধনজুপাড়া, বানাতিপাড়া ও চাড়িপাড়া গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের পাঁচ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে ভোগান্তির শিকার হচ্ছে।
নাওয়াপাড়া গ্রামের তফেল গাজী বলেন, ‘বইন্যায় মোগো অনেক ক্ষতি হইছে। বাঁধ ভাইঙ্গা পানি ঢুকছে। পানি নামছে না। হের পর জোয়ারের সময় পানি আরও বেশি উঠছে। মোরা এহন যামু কই। মোগো কষ্ট কি শেষ হইবে না?’
নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা, ছলিমপুর, নবীপুর, টুঙ্গীবাড়ীয়া, জালালপুর, মজিদবাড়ীয়া, হাজীপুর, কোমরপুর, নজিরপুর ও নিজামপুর—এই ১০টি গ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জোয়ারের সময় আন্ধারমানিক নদীর পানি অস্বাভাবিক বেড়ে স্লুইসগেটগুলো দিয়ে পানি ঢুকছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে তিন হাজারের বেশি লোক।
কলাপাড়ার ধুলাশার ইউপির চেয়ারম্যান কে এম খালেকুজ্জামান বলেন, তাঁর এলাকার দুই হাজারের বেশি মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। শুক্রবার সকালের জোয়ারে ইউনিয়নের কাউয়ার চর ও চর গঙ্গামতীর মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাঁধের বাইরের ক্ষতিগ্রস্ত মানুষ নিজেদের রক্ষায় অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।
কলাপাড়া রাডার স্টেশন সূত্রে জানা গেছে, সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে বাতাস ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাউবো কলাপাড়ার উপবিভাগীয় প্রকৌশলী আবুল বাশার বলেন, কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার পর পানি নেমে যাওয়ার আগেই জোয়ারের পানি বেড়ে বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে।