১০ হাজার মানুষের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্‌ছানিয়া মিশনে ইফতারের আগে মোনাজাত করছেন রোজাদাররা। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্‌ছানিয়া মিশনে ইফতারের আগে মোনাজাত করছেন রোজাদাররা। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

এক শ নয়, দুই শ নয়—একসঙ্গে ১০ হাজার মানুষের ইফতার আয়োজন। যেন অবাক করা ব্যাপার। অথচ সাবলীলভাবে কাজটি করে চলেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন। রোজার এক মাস ধরে চলে এ আয়োজন। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের ভাষ্য, এটিই দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল।
১৯৩৫ সালে খান বাহাদুর আহ্ছানউল্লাহ (র.) নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। এরপর থেকে তিনি প্রতিবছরই রমজানে মাসব্যাপী এ ইফতার মাহফিলের আয়োজন করতেন। প্রথম অবস্থায় ৮-১০ জন নিয়ে তিনি ইফতারের আয়োজন করতেন। পরে কলেবর বাড়তে থাকে। পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর পরও মিশন কর্তৃপক্ষ এ আয়োজন চালু রেখেছে। রোজার শুরু থেকেই প্রতিদিন সেখানে একত্র হয়ে ইফতার করছেন ৬ হাজার রোজাদার। এ ছাড়া আরও ৪ হাজার রোজাদারের জন্য সাতক্ষীরার বিভিন্ন উপজেলা, খুলনা ও যশোরের ঝিকরগাছায় ইফতারি সরবরাহ করা হয়। জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে ইফতার করতে আসেন বহু মানুষ।
এ তথ্য জানালেন মিশনের কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য মফিজুল আনোয়ার।
মিশন কর্তৃপক্ষ জানাল, বর্তমানে প্রায় ১০ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়। এ আয়োজন সফল করার জন্য প্রতিবছর রোজার ৪০ দিন আগে প্রস্তুতি নেওয়া হয়। রোজাদারদের বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে তৈরি করা হয় বিশাল অস্থায়ী ছাউনি। এ বছর ছাউনি বানাতে খরচ হয়েছে ১০ লক্ষাধিক টাকা। ইফতারি বিলিবণ্টন ও তদারকির জন্য রয়েছে ছয় শতাধিক স্বেচ্ছাসেবক।
গত বুধবার দুপুর ১২টার দিকে নলতা রওজা শরিফ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক কর্মচারী ফিরনি, শিঙাড়া, ছোলা ভুনা ও ডিম সেদ্ধ করছেন। আবার কেউ কলা ও খেজুর বাছাই করছেন। কেউ গ্লাস-প্লেট পরিষ্কারের কাজে ব্যস্ত। আবার অনেকে রোজাদারদের বসার স্থান প্রস্তুত করছেন।
বাবুর্চি মহব্বত আলী জানান, প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে ফিরনি তৈরি শুরু করেন। ১৮ মণ দুধ দিয়ে ফিরনি প্রস্তুত করা হয়। সেদ্ধ করা হয় ১০ হাজার ডিম। ২৫-৩০ বছর ধরে তিনি এখানে ইফতারি তৈরির কাজ করছেন। ফিরনি ও ডিম সেদ্ধ করার জন্য রয়েছে তাঁর সঙ্গে ১৫ জন সহযোগী। তিনি বলেন, ‘আমরা এ মাসটিতে রোজাদারদের খেদমত করি তৃপ্তি পাই।’
এই মিশনে ৬০০ স্বেচ্ছাসেবক রয়েছেন। সবাই এসেছেন নিজ উদ্যোগে। বিকেল চারটার পর থেকে বণ্টনকাজ শুরু করা হয়। একজন স্বেচ্ছাসেবক জানালেন, ‘আমরা চেষ্টা করি, যাতে ইফতার করতে আসা রোজাদারদের অসুবিধা না হয়।’
৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইফতার করতে এসেছেন যশোরের শার্শা উপজেলার কুরবান আলী। জানালেন, নলতা শরিফে সাত-আট হাজার মানুষ একসঙ্গে ইফতার করেন। তাই সবার সঙ্গে ইফতারে যোগ দিতে তিনিসহ এলাকার ১৫ জন এসেছেন।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ মো. আবদুল মজিদ বলেন, প্রতিদিনের ইফতার মাহফিলের জন্য খরচ হয় ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৩০ হাজার টাকা। তবে ডিম না দিলে ৭০ হাজার টাকা খরচ কম হয়। খান বাহাদুর আহ্ছানউল্লাহর (র.) ভক্তদের দেওয়া টাকা দিয়ে ইফতারি কেনেন। ইফতার শেষে সবাই একসঙ্গে নামাজ পড়েন। অনেকে তারাবি পড়ে ঘরে ফেরেন।