১০ হাজার মানুষের জন্য আ.লীগের মেজবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার  দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়। মেজবানে প্রায় ১০ হাজার মানুষ খাবার খান। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এর মূল উদ্যোক্তা বলে জানা গেছে।

রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা জানান, আট হাজার মুসলিম ও দুই হাজার অন্য ধর্মাবলম্বীর জন্য ওই মেজবানের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। তবে এর মূল উদ্যোক্তা মন্ত্রী হাছান মাহমুদ। মেজবানের বেশির ভাগ খরচ তিনি দিয়েছেন। তিনি আরও বলেন, ২০০৯ সালে নির্বাচনের আগেও শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় সর্বশেষ মেজবান খাওয়ানো হয়। এতেও মূল ভূমিকা রেখেছিলেন হাছান মাহমুদ।

নেতা-কর্মীরা জানান, উপজেলার স্বনামধন্য বাবুর্চি নুরুল আজিম মেজবানের ভাত, মাংস ও ডাল রান্না করেন। তাঁর  রান্নার কথা শুনলেই স্থানীয় মানুষের জিবে জল আসে। তাঁর রান্নার স্বাদ নিতে মানুষ মেজবান, বিয়েসহ যেকোনো অনুষ্ঠানে ভূরিভোজ করতে ছুটে যান।

বাবুর্চি নুরুল আজিম বলেন, তিনি ১০ হাজার লোকের মেজবান খাওয়ার রান্না করেন। এজন্য ছয়টি গরু জবাই করা হয়। প্রায় ২০০ কেজি খাসির মাংস কেনা হয়। তিনি আরও বলেন, দুপুর ১২টা থেকে মেজবান খাওয়ানো শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। 

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শোক দিবস উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নেতারাও এতে টাকা দিয়েছেন। মেজবানে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ১০ হাজার লোককে মেজবান খাওয়ানো বড় কিছু নয়। ২০০০ সালে নির্বাচনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামি সালাহউদ্দিন কাদের চৌধুরীও ৬০টি গরু জবাই করে রাঙ্গুনিয়ার ২৫ হাজার লোককে মেজবান খাইয়েছিলেন।