সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে ১০ হাজার মানুষের সই-সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিশু-কিশোর মেলা সিলেট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
স্মারকলিপি দেওয়ার আগে নগরের চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া শোভাযাত্রায় ‘সিলেটে স্মৃতিসৌধ চাই’, ‘মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে চাই’, ‘সিলেটে মুক্তিযুদ্ধ জাদুঘর চাই’সহ নানা প্ল্যাকার্ড নিয়ে শিশু-কিশোরেরা অংশ নেয়। পরে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক সংহতি সমাবেশে মিলিত হয়।
আয়োজক সংগঠনের সংগঠক রুবাইয়াৎ আহমেদের সভাপতিত্বে এবং লিপন আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. আরশ আলী, সুবল চন্দ্র পাল, বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল রায়, খেলাঘর সিলেট বিভাগীয় সম্পাদক তাজুল ইসলাম বাঙালি প্রমুখ। পরে সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে ১০ হাজারের বেশি মানুষের স্বাক্ষর-সংবলিত স্মারকলিপিটি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিরাজুল ইসলাম উকিলের কাছে দেওয়া হয়।
এর আগে সংহতি সমাবেশে বক্তারা বলেন, নগরের জেলরোড এলাকার সিলেট কারাগারটি দ্রুত শহরতলির বাদাঘাট এলাকায় স্থানান্তরিত হতে যাচ্ছে। জেলরোড এলাকাটি হতে পারে সিলেটের ইতিহাস-ঐতিহ্য ও রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালির গৌরবগাথা মুক্তিযুদ্ধের জাদুঘর এবং স্বাধীনতার স্মৃতিস্মারক স্মৃতিসৌধ।