
ব্রাহ্মণবাড়িয়ার শিশু সোনিয়া-মোনিয়া কিংবা ভোলার রাসেল অথবা পাবনার সুমাইয়া। এদের কারোই এমন নিশ্চিত জীবন নয় যে ঈদে নতুন জামা পাবেই। একে তো তারা অত্যন্ত দরিদ্র পরিবারের, তার ওপর কারও বাবা নেই, কারও মা অন্যের বাড়িতে কাজ করেন। তাই ঈদে নতুন পোশাক পাওয়া যেন তাদের জীবনে স্বপ্ন।
এবারের ঈদে সে স্বপ্নকে তাদের কাছে তুলে দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। বন্ধুসভার ‘একটি করে নতুন জামা’ কর্মসূচির মাধ্যমে এবারের ঈদে সারা দেশের ১০ হাজার ২১৩টি সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন জামা। বন্ধুসভার সদস্যদের নিজেদের অর্থ ও প্রথম আলো পরিবারের সদস্যদের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
এই কর্মসূচিতে দেশের ১১২টি বন্ধুসভা অংশ নেয়। বন্ধুসভার সদস্যরা নিজ নিজ এলাকায় ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের জামা তুলে দেন। প্রথম পর্যায়ে ১৪ জুন দেশের বিভিন্ন স্থানে ৫ হাজার ৩০০ শিশুকে ঈদের রঙিন জামা দেওয়া হয়। গত তিন দিনে জামা দেওয়া হয় আরও ৪ হাজার ৯১৩টি শিশুকে। ঈদের জামা বিতরণের এই অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা ছাড়াও অনেক জায়গায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পিতৃহীন দুই প্রতিবন্ধী বালিকা সোনিয়া ও মোনিয়ার হাতে জামা তুলে দেওয়া হলে তাদের মা আমেনা বেগম কেঁদে ফেলেন। তিনি বলেন, এই শিশুদের বাবা বেঁচে নেই। পাঁচ বছর ধরে ঈদে তারা কোনো নতুন জামা কাপড় পরেনি।
আমেনা বেগম যখন এসব কথা বলছেন, তখন শিশু দুটি নতুন জামা পাওয়ার আনন্দে সেখানে উপস্থিত অন্য শিশুদের একের পর এক জড়িয়ে ধরছিল। নতুন জামা পেয়ে সব সুবিধাবঞ্চিত শিশুর মুখে প্রাণবন্ত হাসি দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল ৬৩টি সুবিধাবঞ্চিত শিশু ও ৩ জন অসহায় বৃদ্ধ নারীকে নতুন পোশাক দেওয়া হয়েছে।
ভোলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের ৮০টি শিশুকে রঙিন জামা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজাপুর বাঁধের ওপর আয়োজিত অনুষ্ঠানে নতুন জামা পাওয়ার পর শিশু রাসেল বলে, ‘আব্বারে লাল জামা কিনতাম কইছিলাম। আব্বা নদীত গেছে, মাছ পায়নো, কিনবো, এহোন আর কিনোন লাগবো না।’ আরেক শিশু অঙ্কুর বলে, ‘জামাডা বালা, আমনেরা বালা।’
বন্ধুসভা গত বৃহস্পতি, শুক্রবার ও গতকাল যেসব জেলা ও উপজেলায় নতুন জামা বিতরণ করেছে তার মধ্যে রয়েছে ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, নড়াইল, চাঁদপুর, সাতক্ষীরা, ফেনী, চট্টগ্রাম, মেহেরপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, পিরোজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সুনামগঞ্জ, ঝালকাঠি, খাগড়াছড়ি, ফরিদপুর, গাজীপুর, পটুয়াখালী, মৌলভীবাজার, গৌরনদী, পটিয়া, রায়গঞ্জ ও গোয়ালন্দ।
পাবনার পাঁচ বছর বয়সী সুমাইয়ার বাবা নেই। মা অন্যের বাড়িতে কাজ করেন। ঈদে মেয়েকে নতুন জামা কিনে দিতে পারেননি তিনি। তাই মন খারাপ ছিল সুমাইয়ার। গতকাল বন্ধুসভার বন্ধুরা তার হাতে একটি রঙিন নতুন জামা তুলে দিলে মেয়েটির মুখে হাসি ফোটে। নতুন জামা পেয়ে একই রকম হাসি হেসেছে শহরের নূরজাহান, কৈতুরী, সিয়াম, তাবাসসুম, মদিনা, সাগর, নিরবসহ ৪৫টি শিশু।
চুয়াডাঙ্গা শহরে গতকাল ৫০টি শিশুর মুখে হাসি ফুটিয়েছেন বন্ধুসভার বন্ধুরা। নতুন জামা পেয়ে এই শিশুরা আনন্দে মেতে ওঠে। হইচই করতে করতে দল বেঁধে বাড়ির পথে ছোটে। এর মধ্যে মাহফুজ হোসেনের জামা হাতে করে তাঁর মা শাম্মী খাতুন কেঁদে কেঁদে বলেন, ‘বহুদ্দিন পর ঈদি ছেলের জন্যি এট্টা নতুন জামা জুগাড় হলো। যারা জামা দিইলো, আল্লাহ তাগের ভালো করবে।’