ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতি শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা কার্যক্রমের বিভিন্ন প্রকল্প এগিয়ে নিতে ১০ হাজার হেক্টর জমি বরাদ্দ করেছে। গতকাল শনিবার ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ লক্ষ্যে অধ্যাপক ইউনূস দেশটির কৃষিমন্ত্রীর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত নবম ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের (সিজিআই) বার্ষিক সম্মেলনের পাশাপাশি এ চুক্তি স্বাক্ষরিত হয়। সম্মেলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, হাইতির প্রধানমন্ত্রী লঁরা লামোথি প্রমুখ অংশ নেন।
হাইতিতে ইউনূসের আটটি সামাজিক ব্যবসা প্রকল্প কাজ করছে। আরও ১০টি প্রকল্প কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া সামাজিক ব্যবসা পরিচালনার লক্ষ্যে জার্মানির ডয়েচে ব্যাংকের সঙ্গে ১০ লাখ মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে অধ্যাপক ইউনূসের প্রতিষ্ঠিত হাইতির সামাজিক ব্যবসা তহবিল এইচএসবিএফ।
এদিকে আলবেনিয়া ও কসোভোর দারিদ্র্য দূরীকরণে অবদান রাখায় ড. ইউনূসকে আজীবন সম্মাননা দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা।