পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনে ভূমির মালিকানাবিরোধ-সংক্রান্ত ১০ হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে। এর মধ্যে বাঙালিদের করা দরখাস্তের সংখ্যা ৫০০-এর বেশি হবে না বলে ধারণা করছেন কমিশনের কর্মকর্তারা। তাঁরা বলছেন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলার কোন এলাকা থেকে কত দরখাস্ত এসেছে সে তালিকা এখনো করা হয়নি। তবে বান্দরবান থেকে দরখাস্ত অপেক্ষাকৃত কম এসেছে।
বিরোধপূর্ণ ভূমি নিয়ে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পাহাড়ি ও বাঙালিদের কাছে দরখাস্ত আহ্বান করেছিল পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন। গত সেপ্টেম্বর মাসে এক বিজ্ঞপ্তিতে ৪৫ দিনের মধ্যে দরখাস্ত জমা দিতে সময় বেঁধে দেয় কমিশন। গতকাল সোমবার ছিল দরখাস্ত জমা দেওয়ার শেষ দিন।
কমিশনে গত শনিবার দরখাস্ত জমা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম হেডম্যান (মৌজাপ্রধান) নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক উনিহ্লা মারমা। তিনি দরখাস্ত গ্রহণের সময় আরেক দফা বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে হিসাব করলেও ভূমি সমস্যা ৪৫ বছর ধরে চলে আসছে। জটিল এ সমস্যার সমাধানে দরখাস্ত জমা দেওয়ার জন্য ৪৫ দিন অত্যন্ত কম। ভূমি বেদখলের শিকার হওয়া অনেক পাহাড়ি এখনো দরখাস্ত জমা দিতে পারেননি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তরগু মৌজার হেডম্যান মংনু মারমা, লামার সরই মৌজার হেডম্যান দুর্যোধন ত্রিপুরাও দরখাস্ত জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন।
খাগড়াছড়ি শহরের মাস্টারপাড়া উন্নয়ন বোর্ড এলাকায় ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয়ে শেষ দুই দিনে দরখাস্ত জমা দিতে আসা মানুষের ভিড় দেখা গেছে। শনিবার কার্যালয়ের সামনে কথা হয় সেখানে দরখাস্ত দিতে আসা আদি রতন চাকমার সঙ্গে। তাঁর পরিবারের সদস্যরা ১৯৮৬ সালে মাটিরাঙ্গা থেকে ভারতে চলে যান। পার্বত্য চুক্তির পর তাঁরা ফিরে আসেন। কিন্তু মাটিরাঙ্গায় নিজের বসতভিটা ও জমি দখল হয়ে যাওয়ায় তাঁরা রাঙামাটিতে থাকেন। তাঁর আট একর জমিতে বসতি স্থাপনকারী ব্যক্তিরা (স্থানীয়ভাবে সেটেলার বলা হয়) ঘরবাড়ি করেছেন।
ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনে দরখাস্ত জমা দিতে পাহাড়িদের মধ্যে উৎসাহ দেখা গেলেও বাঙালিদের উপস্থিতি দেখা যায়নি। কমিশনের কর্মকর্তারা বলেছেন কাপ্তাই, মানিকছড়িসহ কয়েকটি স্থানের বাঙালিদের থেকে কিছু দরখাস্ত এসেছে। তবে সব মিলিয়ে তা ৫০০-এর বেশি হবে না।
ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এবার ১০ হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে। ৩০ অক্টোবর রাঙামাটিতে কমিশনের সভা অনুষ্ঠিত হবে। আবারও দরখাস্ত আহ্বান করা হবে কি না, তা কমিশন সিদ্ধান্ত নেবে।