১০-১২ জানুয়ারি খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা
১০ থেকে ১২ জানুয়ারি খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬। এ মেলা নগরের কালেক্টরেট চত্বরে হবে।
মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। খুলনা জেলা প্রশাসন ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক সুলতান আলম।
সুলতান আলম বলেন, ১০ জানুয়ারি বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির পরিচালক মোস্তাফিজুর রহমান, এটুআই কর্মসূচির জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও সন্ধ্যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুলতান আলম আরও বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার সহজলভ্য ও জনপ্রিয় করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় এ মেলা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক জাভেদ ইকবাল, খুলনা পিআইডির জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ প্রমুখ।