১০ 'বোমা' মেশিন ধ্বংস, মামলা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে অবৈধভাবে পাথর তোলার সময় ১০টি ‘বোমা’ মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ এই অভিযান চালায়।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানের খবর পেয়ে মেশিন মালিকেরা তাঁদের মেশিন সরানোর চেষ্টা চালান৷ কয়েকজন মালিক কিছু যন্ত্রাংশ সরাতে পারলেও মেশিন সরাতে ব্যর্থ হন৷ পরে তাঁরা পালিয়ে যান৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের ধরলা নদীর চারটি স্থান থেকে পাথর তুলতে থাকায় ওই ১০টি ‘বোমা’ মেশিন জব্দ করা হয়। এ সময় মেশিনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ খাদে ফেলে ধ্বংস করা হয়। এ ছাড়া বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামে আবাদি জমি থেকে চালু অবস্থায় একটি মেশিন জব্দ করা হয়৷ পরে ওই বোমা মেশিনের মালিক দুলাল মিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আমিরুজ্জামান জানান, মেশিন মালিক দুলালের নামে থানায় মামলা হয়েছে৷ এসআই রাশেদুজামান বাদী হয়ে ওই মামলা করেন।
ইউএনও মো. রফিকুল হক জানান, এসব অবৈধ মেশিন উচ্ছেদে অভিযান আরও জোরদার করা হবে। থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন এ উপজেলার সব নদী বোমা মেশিনমুক্ত করতে বদ্ধপরিকর।