দুই বছর বয়সী তিশাকে নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন মা বেবি খাতুন। তিশা ঠান্ডাজনিত রোগে ভুগছে। গত বুধবার বেলা ১১টায় এসে দুপুর সোয়া ১২টা পর্যন্ত অপেক্ষা করার পরও মেয়েকে ডাক্তার দেখাতে পারেননি তিনি।
বেবি বেগম বলেন, ‘আমার মেয়ের ডাক্তার দেখানো তো পরের কথা, স্লিপ দেওয়ার (টিকিট কাটানোর) মানুষও নাই।’ বহির্বিভাগ সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চালু থাকার কথা। কিন্তু স্থানীয় লোকজনের অভিযোগ, চিকিৎসকেরা ১০টার আগে আসেন না। আবার দুপুর ১২টার পর থাকেন না।
২ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, জুনিয়র কনসালট্যান্ট নিয়ামুল ইসলাম ও ডেন্টাল সার্জন খন্দকার মুহাম্মদ ইকবাল হোসেন ছাড়া বহির্বিভাগে কোনো চিকিৎসক নেই। বেলা ১১টা থেকে ডাক্তার দেখানোর টিকিট দেওয়া বন্ধ হয়েছে। টিকিট না পেয়ে বেশ কয়েকজন রোগী ওষুধ বিতরণ বিভাগের সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩১ ডিসেম্বর হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করার জন্য অবকাঠামো বানানো হয়। কিন্তু ছয় বছর পরেও ৫০ শয্যা চালু করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়নি। এদিকে বর্তমানে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স চালানোর মতো লোকবলও নেই।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসকের পদ নয়টি। বর্তমানে চারজন কর্মরত। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কবির ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বেশির ভাগ সময় প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন।
দীর্ঘদিন ধরে গাইনি বিশেষজ্ঞ, চিকিৎসা কর্মকর্তা, অবেদনবিদের পদ শূন্য আছে। চিকিৎসা কর্মকর্তা শায়লা আক্তার ২০১৫ সালের ১ জুন থেকে ও শায়লা আফরিন ২০১৫ সালের ৪ জানুয়ারি থেকে কর্মস্থলে আসছেন না। সংকট চলছে ওয়ার্ড বয় পদে। এই পদে তিনজনের বিপরীতে আছেন মাত্র একজন। পরিচ্ছন্নতা কর্মীর দুটি পদ শূন্য। কয়েক বছর ধরে এক্স-রে মেশিনটি বিকল। চিকিৎসকেরা বলেন, রোগী কমার জন্য আরেকটি কারণ নিরাপত্তা সমস্যা। স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীর ভেঙে গেছে। প্রায় প্রতিদিন হাসপাতালে কর্মরত কারও না কারও জিনিস চুরি হয়ে যাচ্ছে। রোগীরাও চোরের উপদ্রব থেকে রক্ষা পাচ্ছেন না। এক বছরের ব্যবধানে হাসপাতালের জরুরি বিভাগের মুঠোফোন তিনবার চুরি হয়েছে।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান ১২ বছর ধরে এই হাসপাতালে কর্মরত। তিনি বলেন, ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পাওয়ার জন্য অসংখ্যবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু অনুমতি পাওয়া যাচ্ছে না। বর্তমানে হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা চিকিৎসক সংকট। নিরাপত্তার বিষয়ে উপজেলা সমন্বয় সভায় প্রতিকার চেয়ে একাধিকবার বলা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বহির্বিভাগে নির্ধারিত সময়ে চিকিৎসক উপস্থিত না থাকার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সব সময় এমনটা ঘটে না। এটা হয়তো মাঝেমধ্যে হতে পারে।
কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, হাসপাতালটিতে চিকিৎসকের সংখ্যা বাড়ানো জরুরি। অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি। আর ৫০ শয্যায় উন্নীত করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি।