১০টি কূপ খননের চুক্তি অনুস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাঁচটি বিদ্যমান গ্যাসক্ষেত্রে ১০টি (পাঁচটি উন্নয়ন বা উত্তোলন ও পাঁচটি অনুসন্ধান) কূপ খননে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি অনুস্বাক্ষর করেছে পেট্রোবাংলা। ৯ জানুয়ারি থেকে টানা আলোচনার পর গতকাল শুক্রবার রাতে পেট্রোবাংলার কার্যালয়ে এই অনুস্বাক্ষর হয়।পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত চুক্তি সই হবে। চূড়ান্ত চুক্তি সই হওয়ার পর ১৮ মাসের মধ্যে ১০টি কূপ খননের কাজ শেষ হবে। চুক্তি অনুযায়ী, গ্যাজপ্রম বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে চারটি ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) রশিদপুর গ্যাসক্ষেত্রে একটি উন্নয়ন কূপ এবং বাপেক্সের চারটি গ্যাসক্ষেত্রে পাঁচটি অনুসন্ধান কূপ খনন করবে। এ জন্য তাদের ১৯ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার দেওয়া হবে।কূপ খনন ও খনন নকশার সব তথ্য সরবরাহ করবে পেট্রোবাংলা। খননকাজের সময় কোনো দুর্ঘটনা ঘটলে তার সব দায়িত্ব গ্যাজপ্রম নেবে। দুর্ঘটনার ক্ষতিপূরণ দেওয়া হবে আন্তর্জাতিক আইন অনুসারে, বিমার মাধ্যমে।গ্যাস অনুসন্ধানে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় এই চুক্তিটি হচ্ছে। এর আওতায় তিতাস গ্যাসক্ষেত্রের ১৯, ২০, ২১ ও ২২ নম্বর ও রশিদপুর গ্যাসক্ষেত্রের ৮ নম্বর উন্নয়ন কূপ খনন করা হবে।