১০টি গাছ কেটে ফেলা হলো
বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) চত্বরে বন বিভাগের অনুমতি ছাড়াই ২০ এপ্রিল ১০টি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে রয়েছে নয়টি ইউক্যালিপটাস ও একটি মেহগনি গাছ। চারটি গাছ সম্পূর্ণ এবং ছয়টি গাছের মাথাসহ অর্ধেক কেটে ফেলা হয়েছে। গত বুধবার সরেজমিনে দেখা গেছে, গেটের সামনে, রাস্তার পাশে এবং খেলার মাঠের পাশ থেকে বেশ কয়েকটি গাছ কেটে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে। আরও কয়েকটি ডালপালাহীন গাছ দাঁড়িয়ে রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকায় ১৯ এপ্রিল রাতে কালবৈশাখীতে একটি ইউক্যালিপটাস গাছ বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। আরও একটি গাছের গোড়া উপড়ে পড়ে। অনুমতি ছাড়া গাছ কাটার পর নিয়ম রক্ষার জন্য ২৫ এপ্রিল বগুড়া বন বিভাগকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ঝড়ে দুটি গাছ বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে গিয়েছিল। পরে আর যাতে না পড়ে এ জন্য কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। কয়েকটি ঝুঁকির মধ্যে থাকায় সেগুলোর মাথা কেটে দেওয়া হয়েছে।