প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের পর গতকাল বৃহস্পতিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জামালপুরের সরিষাবাড়ী এবং বুধবার দিবাগত রাতে নাটোরের সিংড়া ও যশোরের অভয়নগরে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে ২৩ জন আহত হয়েছেন। ১০টি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। অভয়নগরের একটি ঘরে অগ্নিসংযোগ করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: গতকাল বেলা ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মোল্লার বাজারে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসাইন ও বিজয়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন মাঝির সমর্থকদের কথা কাটাটাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপি সংঘর্ষে শিহাব, দেলোয়ার হোসেন, খবির মোল্লা, জসিম বেপারী, শহিদুল্লাহ, আবুল হাওলাদার, দাদন মিয়া, মনির হোসেন মোল্লা ও সুফিয়ান আহত হন। আহতরা দুপক্ষের সমর্থক । সংঘর্ষের সময় ইটের আঘাতে সখিপুর থানার পুলিশ কস্টবল মাসুদ, রেজাউল করিম ও আহসান আহত হন। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির সরকার বলেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১০ব্যক্তিকে আটক করা হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর): প্রত্যক্ষদর্শীরা জানান, সরিষাবাড়ীর মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ি ও শিবপুর গ্রামের আওয়ামী লীগ-সমর্থকদের আটটি ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল সকাল ১০টায় বিএনপির বিজয়ী চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদারের সমর্থকেরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন। তাঁরা হিরণ্যবাড়ি গ্রামের আওয়ামী লীগ-সমর্থক হাফিজুর রহমান, নূর ইসলাম, মছির আলী, রিপন মিয়া, আবদুল্লাহ, বক্কর আলীর বাড়িঘরে এবং শিবপুর গ্রামের আখের আলীর দোকান, আলতাব আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন। আওনা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার বদি মিয়ার বাড়িঘরেও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
শিবপুর গ্রামের আজগর আলীর (৬০) বাড়িতে হামলা করে তাঁকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রী ডালি বেগম (৪০) এগিয়ে এলে তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে তাঁদের ছেলে আসাদ মিয়া (৩৫), কামাল হোসেন (৩০) ও ছেলেবউ বুবিনা এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত চারজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর: প্রত্যক্ষদর্শীরা জানান, সিংড়ার আগতিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার সন্ধ্যায় বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম ও ছনেট কুমার নামের এক কর্মীকে মারধর শুরু করেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় তাঁদের উদ্ধার করতে গিয়ে আহত হন ছাত্রদলের সাবেক নেতা নুরুল ইসলাম (৩০), বিএনপির কর্মী গোলাম মোস্তাফা (৫০), রহিদুল ইসলাম (৩০), বিকাশ কুমার (১৭) ও দুলেনা বেওয়া (৮০)। স্থানীয় লোকজন পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জানান, তাঁর এজেন্টদের অন্যায়ভাবে পিটিয়েছেন আওয়ামী লীগের নেতা জহুরুল ইসলাম ও তাঁর লোকজন।
অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রামের আওয়ামীলীগ কর্মী কায়ছেদ হোসেনের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ নির্বাচন শেষে বিএনপি ও জামায়াতের একটি বিজয় মিছিল থেকে এ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই আমরা পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’