১০টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের কার্যক্রম ফের চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর সেই ১০টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পুনরায় চালু হয়েছে। এক দিন বন্ধ থাকার পর গতকাল রোববার সকালে এসব প্রতিষ্ঠান থেকে তালা খুলে নেওয়া হয়।
উপজেলা ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক স্বপন মিয়ার সঙ্গে যমুনা মেডিকেল সেন্টারের সুজন মিয়া ও মনি মিয়ার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার বেলা ১টায় পৌরসভা কার্যালয়ের পাশে স্বপনকে মারধর করেন সুজন ও মনি। ছাত্রলীগ নেতার অনুসারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত যমুনা মেডিকেল সেন্টারের মালিক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি গোলাম আব্বাসকে লাঞ্ছিত করেন। পরে তাঁরা ১০টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে তালা ঝুলিয়ে দেন। তবে ছাত্রলীগের নেতা স্বপন মিয়া গতকাল বলেন, ‘ক্লিনিকে তালা দেওয়ার ঘটনায় আমি জড়িত নই। হয়তো ক্লিনিকের মালিকরাই এ কাজ করেছে।’
গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সকাল ১০টার দিকে চিকিৎসাকেন্দ্রগুলোর তালা খোলা হয়।