প্রস্তাবিত ্বন আইনের সংশোধনীর ১০টি ধারা পরিবর্তন অথবা বিলুপ্তির দাবি জানিয়েছেন তিন পার্বত্য জেলার আদিবাসী নেতারা। গতকাল শনিবার বিকেল চারটায় রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বন আইন সংশোধনী পুনর্নিরীক্ষণ উপকমিটির (রিভিউ কমিটি) কাছে এ দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলন এবং মালেইয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।প্রস্তাবিত বন আইন সংশোধনী পুনর্নিরীক্ষণ উপকমিটির আহ্বায়ক সাংসদ সোহরাব আলী বলেন, মানুষের মানসিকতার পরিবর্তন না ঘটলে বন রক্ষা সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করা না হলে কোনো কিছুতে সফলতা অর্জন করা যায় না। রাষ্ট্রনিয়ন্ত্রিত বন রক্ষা করার মতো জনবল সরকারের নেই। সে কারণে সরকার চাইছে বন ব্যবস্থাপনায় জনগণকে সম্পৃক্ত করতে।কমিটির সদস্য সাংসদ গোলাম রসুল বলেন, ‘আমরা চেষ্টা করব বন আইন সংশোধনী কমিটিতে বসে আপনাদের দাবির বিস্তারিত আলোচনা করতে। তবে আমরা সংশোধন করতে পারব না; সুপারিশ করতে পারি।’মতবিনিময় সভায় আদিবাসীদের পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত বন আইন সংশোধনীতে ‘অন্যান্য বন’-এর যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতে আদিবাসীদের জুমচাষের ভূমি ও গ্রামীণ সাধারণ বন অন্তর্ভুক্ত রয়েছে। জুমচাষের ভূমি সরকারি বন হিসেবে ঘোষিত হলে আদিবাসীদের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়বে। এ ছাড়া সরকার নতুন সংরক্ষিত বন সৃষ্টির যে প্রজ্ঞাপন জারি করেছে, তা বাস্তবায়ন করা হলে অনেক মৌজা বিলুপ্ত হয়ে যাবে। কারণ, বিভিন্ন মৌজায় যে পরিমাণ এলাকায় সংরক্ষিত বন সৃষ্টির প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেসব মৌজায় সেই পরিমাণ জায়গাও নেই। এ ছাড়া প্রস্তাবিত সংশোধিত বন আইন সংসদে পাস হলে ঐতিহ্যবাহী মৌজাপ্রধানদের (হেডম্যান) প্রথাগত অধিকার ও বননির্ভর জনগণের অধিকার লঙ্ঘিত হবে। আদিবাসী নেতারা আরও বলেন, সংরক্ষিত বন এলাকায় প্রচুর আদিবাসী বসবাস করলেও সেখানে কোনো সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করা যাচ্ছে না। তার পরও সংরক্ষিত বন সম্প্রসারণ করা হলে এবং প্রস্তাবিত সংশোধিত বন আইন পাস করা হলে এই পরিস্থিতির আরও অবনতি ঘটবে।সরকার প্রস্তাবিত সংশোধিত বন আইনে ১৯২৭ সালের বন আইনের ২৪টি ধারা সংশোধন, সংযোজন ও বিলুপ্তির প্রস্তাব করেছে। এ ২৪টি ধারার মধ্যে ১০টি ধারা আদিবাসীদের জীবনযাত্রা ও অধিকারের পরিপন্থী বলে আদিবাসী নেতারা মনে করছেন। আদিবাসী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন: পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক থোয়াই অং মারমা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমাসহ বিভিন্ন মৌজার প্রধান ও পেশাজীবী নেতারা।