১০টি নাম প্রকাশ করবে না অনুসন্ধান কমিটি

১২-১৩ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে অনুসন্ধান কমিটি। এই তালিকা থেকেই আগামীকাল ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুসন্ধান কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিচারপতি ওবায়দুল হাসানসহ কমিটির সদস্যরা। জাজেস লাউঞ্জ, সুপ্রিম কোর্ট, ২০ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রাথমিকভাবে বাছাই করা ২০টি নাম থেকে ১২-১৩ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে অনুসন্ধান কমিটি। এই তালিকা থেকে রাষ্ট্রপতির কাছে কোন ১০ জনের নাম পাঠানো হবে, তা অনুসন্ধান কমিটির আগামী সভাতেই (মঙ্গলবার) চূড়ান্ত হবে। তবে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে ১০টি নাম প্রকাশের দাবি উঠলেও অনুসন্ধান কমিটি নাম না প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল রোববার বিকেলে অনুসন্ধান কমিটির ষষ্ঠ সভায় নামের সংক্ষিপ্ত তালিকা ঠিক করা হয়। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এই সভা শেষে অনুসন্ধান কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রথমে ৩২২ জনের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। পরবর্তী সময়ে আরও চারজন বিশিষ্ট সাংবাদিককে তাঁরা বৈঠকে ডেকেছিলেন। তাঁরাও কিছু নাম দিয়েছেন। সব নাম বিবেচনায় নিয়ে গত শনিবার অনুসন্ধান কমিটি ২০ জনের নাম ঠিক করে। কিন্তু আজকের (গতকাল) সভায় ১০ জনের নাম চূড়ান্ত করা যায়নি। তবে কাছাকাছি এসেছেন। তিনি বলেন, ‘আমরা ১২-১৩টি নামের মধ্যেই ১০ জনকে খুঁজে বেড়াচ্ছি। আশা করি, এর মধ্যেই ১০টি নাম পেয়ে যাব এবং ২২ ফেব্রুয়ারি সর্বশেষ সভা করে রাষ্ট্রপতির কাছে নামগুলো পাঠিয়ে দেব।’

১২-১৩টি নামের মধ্যেই ১০ জনকে খুঁজে বেড়াচ্ছি। আশা করি, এর মধ্যেই ১০টি নাম পেয়ে যাব এবং ২২ ফেব্রুয়ারি সর্বশেষ সভা করে রাষ্ট্রপতির কাছে নামগুলো পাঠিয়ে দেব।
বিচারপতি ওবায়দুল হাসান, সভাপতি, অনুসন্ধান কমিটি

কমিটির প্রধান জানান, আইনে বলা আছে, ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। তাঁরা হিসাব করে দেখেছেন, এই ১৫ কার্যদিবস ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। তবে তাঁরা আশা করছেন, ২৪ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে নামগুলো পৌঁছাতে পারবেন।

অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম চূড়ান্ত করবে, সেগুলো প্রকাশের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এমনকি অনুসন্ধান কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠকেও এই দাবি উঠেছিল। এ বিষয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুসন্ধান কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, সাংবিধানিক পদে থাকায় তিনি এবং কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন শপথ নিয়েছেন। সেই শপথ যখন যেখানেই যান সঙ্গে থাকে। শপথটি হলো, সংবিধান এবং আইনের রক্ষা করা তাঁদের দায়িত্ব। আইনে বলা হয়েছে, কার্যপদ্ধতি নির্ধারণ করবে অনুসন্ধান কমিটি। কমিটি নির্ধারণ করেছে এই নামগুলো প্রকাশ করা হবে না। কারণ, এটি রাষ্ট্রপতির এখতিয়ার। রাষ্ট্রপতির কাছে দেওয়ার পর তিনি যদি বলেন প্রকাশ করতে, তখন প্রকাশ করা হবে। কমিটির প্রকাশ করার কথা আইনেও নেই।

এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এরপর যোগ্য প্রার্থী বাছাইয়ে ৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে নাম আহ্বান করেছিল অনুসন্ধান কমিটি। পরে অবশ্য ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ঠিকানায় চিঠি দিয়েও নাম দেওয়ার অনুরোধ করেছিল কমিটি। এ ছাড়া ব্যক্তিপর্যায়েও নাম আহ্বান করা হয়। আর ১৪ ফেব্রুয়ারি প্রস্তাবিত ৩২২টি নামের তালিকা প্রকাশ করে কমিটি। তবে এরপরও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আরও কিছু নামের প্রস্তাব আসে। রাজনৈতিক দলগুলোকে নাম দেওয়ার জন্য সময়ও বাড়ানো হয়েছিল। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল নাম দেওয়া থেকে বিরত ছিল।

১০ জনের নাম ঠিক করতে অনুসন্ধান কমিটি এ পর্যন্ত ছয়টি সভা করেছে। এ ছাড়া চারটি সভা করেছে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে। আইন অনুযায়ী, অনুসন্ধান কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। এরপর এই ১০ জনের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

সংবিধানে বলা আছে, কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সব মিলিয়ে কতটি নাম অনুসন্ধান কমিটি পেয়েছিল, এমন প্রশ্নের জবাবে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এটি মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব (অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা) বিস্তারিত বলবেন।

প্রস্তাবিত নামের বাইরে থেকে অনুসন্ধান কমিটি অন্য কোনো নাম খুঁজছে কি না জানতে চাইলে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, কমিটির সেই এখতিয়ার আছে। কিন্তু তাঁরা সেটি করতে চান না। আর ১২-১৩ জনের সংক্ষিপ্ত তালিকায় কাদের আধিক্য রয়েছে, সেটিও বলতে চায় না কমিটি।