১০টি নামজারি মামলার নথিতে সবার সই জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ভূমি জালিয়াত চক্রের তৎপরতা বেড়ে গেছে। গত বছর ১০টি নামজারি মামলার নথিতে সই জালের ঘটনা ধরা পড়ায় ওই চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়টি প্রকাশ পায়। সই জালের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা প্রশাসকের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে গত বছরের ডিসেম্বরে একটি চিঠি পাঠিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা, মৌজাপ্রধান ও চাকমা সার্কেলপ্রধানের (রাজা) জাল করে জমি কিনছে ও বিক্রি করছে। গত বছরের নভেম্বর মাসে উপজেলা ভূমি কার্যালয়ে দুই জমির ক্রেতা জমির মালিকানা পরিবর্তনের জন্য ১০টি নামজারি মামলা জমা দেন। যেসব জমির মালিকানা পরিবর্তনের মামলা হয়েছে, সেগুলো উপজেলার ৩০ নম্বর বড় মেরুং মৌজার ২২৬, ৩৪৮, ৩৭০, ৩৮০, ৬৬৫, ৬৭৮, ৬৯৮, ৭১২, ১৪৫৪ ও ১৭৯১ নম্বর হোল্ডিংভুক্ত। পাহাড়ের জমি দাগ নম্বরের পরিবর্তে হোল্ডিং নম্বর দিয়ে চিহ্নিত করা হয়।চট্টগ্রামের মিরসরাইয়ের সাহেবদিগর গ্রামের এনামুল হকের ছেলে জামশেদ আলম এবং ঢাকার সিদ্ধেশ্বরীর মৃত জালাল উদ্দিন আহাম্মদের ছেলে রাশেদ উদ্দিন এসব হোল্ডিংয়ের জমি কিনেছেন। কিন্তু কাগজপত্র দেখে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বপ্রাপ্ত ইউএনওর সন্দেহ হয়। তাই তিনি প্রকাশ্যে কাগজপত্র পর্যালোচনা ও শুনানির জন্য ক্রেতা-বিক্রেতা এবং ৩০ নম্বর বড় মেরুং মৌজাপ্রধানের কাছে নোটিশ পাঠান। অনুসন্ধানে আরও জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর ইউএনওর কার্যালয়ে ওই শুনানি হয়। এ সময় ৩০ নম্বর বড় মেরুং মৌজাপ্রধান কুমুদ বিকাশ রোয়াজা নামজারি মামলার সব সই (নিজেরসহ) জাল করা হয়েছে বলে ইউএনওকে জানান। এ সময় একটি জমাবন্ধি পর্যালোচনা করে দেখা গেছে, ২৮ নম্বর রেংক্যার্যা মৌজার ৩৮৬ নম্বর হোল্ডিংয়ের জিন্নাত আলীর জমাবন্ধি (জমির দলিলের নকল) সহকারী কমিশনারের (ভূমি) সই জাল করে তৈরি করা হয়েছে। ৩৮০ নম্বর হোল্ডিংয়ের বিক্রেতা হিসেবে দীঘিনালার মধ্যবেতছড়ি গ্রামের হাসেম উদ্দিনের সংযুক্ত ছবিটিও জাল। যে ছবি সংযুক্ত করা হয়েছে তা হলো আবদুল মান্নান নামের এক ব্যক্তির। তিনি উপজেলার সুধীর মেম্বারপাড়া গ্রামের বাসিন্দা। আবদুল মান্নান বলেন, ‘মেরুং এলাকায় আমার কোনো জমি নেই। আমার ছবি কীভাবে ভূমি অফিসে গেল, আমি জানি না।’ ৩০ নম্বর বড় মেরুং মৌজাপ্রধান (হেডম্যান) কুমুদ বিকাশ রোয়াজা বলেন, ‘আমি জমির দলিল জালিয়াতি করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ১৯ নভেম্বর জেলা প্রশাসক ইউএনও ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’ভূমি ক্রেতা জামশেদ আলম ও রাশেদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি। ইউএনও মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘চক্রের সদস্যদের ধরার জন্য অনেক দিন ধরে ওত পেতে ছিলাম, অবশেষে ধরাও পড়েছে। তবে মূল হোতারা এখনো অদৃশ্য রয়েছে। তবে সই জাল যে-ই করুক, আইনগতভাবে ক্রেতা ও বিক্রেতা দোষী হবেন। মৌজাপ্রধানের লিখিত অভিযোগ গত বছরের ডিসেম্বর মাসে জেলা প্রশাসকের মাধ্যমে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।’