১০টি বসতভিটা ও ৫০ একর জমি পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে আরও ১০টি বসতভিটা ও ৫০ একর জমি বিলীন হয়ে গেছে। গত তিন দিনে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, শুক্রবার ভোর থেকে এমপিডাঙ্গী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙন দেখা দেয়। এ সময় গ্রামবাসী তড়িঘড়ি করে তাদের ভিটাবাড়ি থেকে বসতঘর সরিয়ে নেয়। গত তিন দিনে বিলীন হয়ে গেছে ১০টি বসতভিটা ও ৫০ একর জমি। এ ছাড়া উপজেলা থেকে জেলা শহরে যাতায়াতের পাকা সড়ক ও এমপিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের দুই শতাধিক বসতবাড়ি হুমকির মুখে রয়েছে।নদীর ভাঙনে যাঁরা বসতভিটা হারিয়েছেন, তাঁরা হলেন—হাসেম প্রমাণিক, আলফু প্রামাণিক, কালাম মাস্টার, হাসিব ফকির, হিরো ফকির, আমজাদ ফকির, মোজাম্মেল শিকদার, শুকুর আলী, ওয়াছেল শিকদার ও হেলাল মুন্সি।চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন জানান, ভাঙনরোধে জরুরি পদক্ষেপ না নেওয়া হলে উপজেলা সদরের অস্তিত্ব-সংকটে পড়বে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার জানান, এ এলাকার ভাঙনরোধে ২৫ কোটি টাকার দুটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অনুমোদন হলে ভাঙনরোধে কাজ শুরু করা হবে।